Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর পুরসভার পুকুরে বিষ, তদন্তের নির্দেশ

দুর্গাপুর পুরসভার পুকুরে বিষ, তদন্তের নির্দেশ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন জলখাবার গলি এলাকায় পুরসভার একটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা ওই পুকুরের জল নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন। এলাকাবাসীর অভিযোগ, পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার কারণে বিষ দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর-২ ব্লকের এক নেতার বিরুদ্ধে। তাঁর দাবি, তিনি ওই পুকুরের লিজ হোল্ডার ছিলেন না। তাই এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পুরসভা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, পুরসভা ওই পুকুরটি মাছ চাষের জন্য লিজ দেয়। আগে পুকুরের লিজহোল্ডার ছিলেন আরাবুল ইসলাম নামে একজন মৎস্যজীবী। কিন্তু দেখভাল করতেন অভিযুক্ত তৃণমূল নেতা। চলতি মাসে লিজ পান ভোলা ভগৎ নামে এক ব্যবসায়ী। এদিন পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পুকুরটি ভোলাবাবুকে হস্তান্তর করার জন্য ঘটনাস্থলে যান। ভোলাবাবু ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরের সমস্ত মাছ এমনকী সাপ, ব্যাং সব মরে জলে ভাসছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই পুকুরের জল এলাকার অনেকে স্নান, জামাকাপড় ধোয়ার কাজে ব্যবহার করতেন। জলে বিষ দেওয়ায় তাঁরা সমস্যায় পড়ছেন। ভোলাবাবু বলেন, বিষ দেওয়ার কারণে জলের মাছ সহ প্রচুর সাপ-ব্যাঙ মারা গিয়েছে। পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে। পুরসভার কর্মীরা দেখে গিয়েছেন। অভিযুক্ত তৃণমূল নেতা বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই পুকুরের দেখাশোনা আমি করতাম। আমি চাই, ঘটনার তদন্ত হোক। দোষীদের শাস্তি হোক। পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ঘটনার তদন্ত হবে। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ