নয়াদিল্লি: আরও বড় দায়িত্ব দিতে চেয়েছিল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তা গ্রহণ করা তো দূরের কথা, কোচের পদ থেকেই সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। বেশ কিছুদিন ধরে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছাড়া নিয়ে জল্পনা চলছে। তিনি নাকি চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন। তবে কলকাতা নাইট রাইডার্সও তাঁর দিকে তাক করে আছে। অধিনায়কের দায়িত্ব থেকে অজিঙ্কা রাহানেকে অব্যাহতি দেওয়ার নীল নকশা তৈরি। ইতিমধ্যে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে বিদায় জানিয়েছে শাহরুখের দল। কেকেআরের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড়ের যোগদানের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি ভারতীয় দলের কোচ ছিলেন। দলের প্রবীণ ও নবীন ক্রিকেটারদের মধ্যে সমন্বয়ে অনুঘটকের কাজ করে থাকেন। তাই দ্রাবিড়ের মতো কোচকে অবশ্যই লুফে নিতে চাইবেন শাহরুখ খান। রাজস্থান রয়্যালস ছাড়ার জন্য ব্যক্তিগত কারণের কথা বলেছেন ‘দ্য ওয়াল’। তবে তিনি যে খুব বেশিদিন ক্রিকেট থেকে দূরে থাকবেন না, সেটা প্রত্যাশিত। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘আমাদের দলের হেড কোচ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর অবদান কখনও ভোলার নয়। আমরা ওঁকে আরও বড় দায়িত্ব দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি রাজি হননি।’



