নিকাশি বন্ধ, জলবন্দি দেগঙ্গার নুরনগর
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে বাড়ির আশপাশে। বছরের অধিকাংশ সময়ই কার্যত জলযন্ত্রণায় কাটছে তাঁদের। একাধিক সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও সমাধান হয়নি বলে দাবি বাসিন্দাদের। শেষ পর্যন্ত একটি নির্মাণ কাজে বাধা দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাতে আপাতত বন্ধ হয়ে গিয়েছে ওই কাজ। সরকারি জমিতে মাটি ফেলে নিকাশির জল বেরনোর পথ বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের বেনাপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পিডব্লুডি’র জমির উপর দিয়ে এলাকার নিকাশি জল বেরিয়ে যেত। সম্প্রতি সেই জায়গায় মাটি ফেলে দেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে নিকাশি। সামান্য বৃষ্টিতেই জল জমছে এলাকায়। সেখানকার এক বাসিন্দা কুদ্দুস মল্লিকের অভিযোগ, নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে জলযন্ত্রণার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ও রেহেনা বেগমও জল জমা থেকে দুর্ভোগের কথা তুলে ধরেছেন। তাঁদের দাবি, বাড়ির আশপাশে জল জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিবারের সদস্যদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। অন্যদিকে, এই অভিযোগ মানতে নারাজ মালিক আবু তালেব। তাঁর দাবি, যে জমি দিয়ে এলাকার নিকাশি জল বেরত, সেটি আমার ব্যক্তিগত সম্পত্তি। দীর্ঘদিন ধরে এলাকার জল আমার জমির উপর দিয়েই যেত। এখন নিজের জমিতে নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে।  শুরু হয়েছে নিকাশির কাজ।-নিজস্ব চিত্র

Advertisement