নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: শুধু ওড়িশা নয়। বাঙালির বধ্যভূমি হয়ে উঠছে ডবল ইঞ্জিন রাজ্যগুলি! কারণ, এবার ঘটনাস্থল বিজেপি শাসিত অসম। অত্যাচারিত? বাঙালি ফেরিওয়ালা। শনিবার রাতে কাছাড় জেলার শিলচর হাসপাতাল রোডের সামনে এই নিগ্রহের ঘটনা ঘটে। মুর্শিদাবাদের সূতির নুরপুরের বাসিন্দা রিঙ্কু শেখের বাংলা উচ্চারণ শুনে বাংলাদেশি সন্দেহে প্রকাশ্য রাজপথে মারধর করে অসমের কিছু যুবক। রবিবার শিলচরের রাঙিরখারি থানায় রিঙ্কু অভিযোগ দায়ের করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁর প্রশ্ন, ‘আমি ভারতীয় মুসলিম নাগরিক। মুসলিম হওয়াটাই কি আমার অপরাধ? নাকি কাজ করে খাই, এটা অপরাধ।’ এই ঘটনার পাশাপাশি সামশেরগঞ্জের উত্তর চাচণ্ডের বাসিন্দা নজরুল ইসলাম ওড়িশার ঝাড়সুগুড়াতে হকারি করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। তাঁকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ানো হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে।
অসমে নিগৃহীত রিঙ্কু বলেন, ওইদিন রাতে সিভিল হাসপাতাল ট্রাফিক পয়েন্টের কাছে দু’জন অপরিচিত ব্যক্তি ‘বাংলাদেশি পেয়ে গিয়েছি’ বলতে বলতে আমাকে দাঁড় করায়। বাড়ি কোথায় জিজ্ঞেস করেই মারতে শুরু করে। বলে, আধার কার্ড দেখা। মুর্শিদাবাদে বাড়ি বলায় ওরা বলে ওঠে, তবে বাংলাদেশি। হামলাকারীরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিচ্ছিল। মুহূর্তে দশ-বারো জন জড়ো হয়ে যায়। ওরা আমার গোপনাঙ্গে, মুখে লাথি মারে। বাইক ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে বাইক ফেলেই পালিয়ে যাই।



