সংবাদদাতা, আলিপুরদুয়ার: পর্যটন, টি ও বক্সার টাইগারকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে আগামী ৬ ডিসেম্বর জেলায় ‘ডুয়ার্স রান’ অনুষ্ঠিত হচ্ছে। আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যটনের বিকাশ ছাড়াও জেলাকে ড্রাগমুক্ত করতে পুলিশ এই উদ্যোগ নিয়েছে।
জেলা পুলিশের ‘ডুয়ার্স রান’ এবছর তৃতীয় বর্ষে পড়ল। প্রতি বছরই ম্যারাথনের জনপ্রিয়তা বাড়ছে। প্রতিযোগিদের নাম নথিভুক্তকরণের পরিসংখ্যানই সেকথা বলছে। গতবছর ৯০০ জন অংশ নিয়েছিলেন। এবছর এখনও পর্যন্ত নথিভুক্তর সংখ্যা ১৩০০’র কাছাকাছি পৌঁছে গিয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নথিভুক্ত ১৩০০ প্রতিযোগীর মধ্যে ২৮২ জন রাজ্যের বাইরের বাসিন্দা। এছাড়া সিকিম, প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের কয়েকজন ম্যারাথনে নাম নথিভুক্ত করেছেন। ডুয়ার্স রানে অংশ নিতে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে।
আসন্ন এই ম্যারাথনকে সফল করতে বৃহস্পতিবার জেলা পুলিশের তরফে শহরে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। বিএমসি ক্লাবের রাস্তা থেকে মাঝেরডাবরি চা বাগান পর্যন্ত র্যালিটি পরিক্রমা করে।
প্রসঙ্গত, আবহাওয়া মনোরম থাকায় পাহাড়, চা বাগান এবং নদীবেষ্টিত জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে সাফারি করতে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় এবছর বেড়েছে। বনদপ্তরের পরিসংখ্যান বলছে, গত এক মাসে জলদাপাড়ায় জিপসি ও হাতি সাফারি করতে ১৪ হাজারেরও বেশি দেশি-বিদেশি পর্যটক এসেছেন। জেলার পর্যটনের বিকাশে নতুন পালক যুক্ত হয়েছে বক্সার জঙ্গলে বাঘিনির আগমন। সব মিলিয়ে ভ্রমণপিপাসু বাঙালি পর্যটকদের ডেস্টিনেশন হয়েছে আলিপুরদুয়ারের জলদাপাড়া ও বক্সার জঙ্গল। জেলার পুলিশ সুপার অমিতকুমার শাহ বলেন, টি, ট্যুরিজম ও টাইগার আমাদের জেলার আত্মা। সারা বিশ্বের ভ্রমণপিপাসু মানুষ এই বিষয়গুলি জানুক। এটাই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ৬ ডিসেম্বর ‘ডুয়ার্স রান’ ম্যারাথনের উদ্যোগ নেওয়া হয়েছে।



