Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরান-আমেরিকার আলোচনার দরজা বন্ধ হয়নি, দাবি কাতারের

কাতারের কূটনীতিকের দাবি, ইরান ও আমেরিকার আলোচনা বন্ধ হয়নি। যুদ্ধ থামাতে দুই পক্ষই রাজি। বিস্তারিত জানুন।

ইরান-আমেরিকার আলোচনার দরজা বন্ধ হয়নি, দাবি কাতারের
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দোহা ও নয়াদিল্লি: কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও ইরানের মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে না, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল মঙ্গলবারই। তবে, আলোচনা দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে দাবি করলেন কাতারের এক কূটনীতিক। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের শীর্ষ প্রতিনিধিরা মুখোমুখি হচ্ছেন না। নীচুস্তরে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ওই কূটনীতিক জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে দু’পক্ষই রাজি। ওই কূটনীতিকের দাবি, আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা বুধবার দোহায় পরোক্ষভাবে আলোচনা চালাচ্ছেন। এক্ষেত্রে সাহায্য করছেন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। এর আগে সুইত্জারল্যান্ডের লেক লুসার্নে আমেরিকা ও ইরানের মধ্যে যে মউ স্বাক্ষর হয়েছিল, তার ভিত্তিতেই আলোচনা এগবে। তবে, হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচলের বিষয়ে কোনো কথা হয়েছে কি না, সেই বিষয়ে ওই কূটনীতিক স্পষ্ট করে কিছু জানাননি। 

Advertisement

এদিকে, হরমুজ প্রণালী নিয়ে ভারতীয় নাবিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পরই বহু জাহাজ আটকে পড়ে। জাহাজগুলিতে কয়েক হাজার ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের অনেকের জাহাজই আক্রমণের শিকার হয়েছে। চোখের সামনে দেখেছেন যুদ্ধের ভয়াবহতা। প্রাণও হারিয়েছেন ভারতীয় নাবিকরা। গুজরাতের বাসিন্দা সীতারাম তান্ডেল পণ্যবাহী জাহাজের নাবিক হিসাবে কর্মরত। গত মার্চে তাঁর জাহাজে হামলা হয়। সীতারাম জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে তাঁদের জাহাজ। কেউ মারা না গেলেও আতঙ্ক এখনও কাটেনি। সীতারাম জানিয়েছেন, তিনি আর হরমুজে যেতে চান না। কিন্তু উপার্জনের জন্য তাঁকে জাহাজের কাজে ফিরতেই হবে। কেরলের বাসিন্দা রতিসান কুট্টিয়ামও নাবিকের কাজ করেন। রাতের অন্ধকারে কোনোমতে হরমুজ পেরিয়ে এসেছিল তাঁদের জাহাজ। পুরোপুরি শান্তি না ফিরলে, আর পশ্চিম এশিয়ায় যেতে চান না বলে জানিয়েছেন কুট্টিয়াম।

Advertisement
সম্পর্কিত সংবাদ