ব্রতীন দাস, জলপাইগুড়ি: সাধ্যের মধ্যে স্বাদপূরণ! ৯৯৯ টাকায় লাঞ্চ সহ এসি বাসে ডুয়ার্স ভ্রমণ! সঙ্গে ছুঁয়ে আসা পড়শি দেশ ভুটান। জনপ্রিয় হচ্ছে ‘ডুয়ার্স দর্শন’ প্যাকেজ। পুজোয় পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশা উদ্যোক্তাদের। এদিকে, বর্ষার মরশুমে তিন মাস জঙ্গল বন্ধ থাকলেও যাতে ডুয়ার্সের পর্যটনে ভাটা না পড়ে, সেজন্য নয়া উদ্যোগ লাটাগুড়িতে। গোরুমারা অভয়ারণ্য এলাকায় ‘বর্ষায় বনবাস’ নামে প্যাকেজে বুকিংয়ে ৩০ শতাংশ পর্যন্ত মিলছে ছাড়। সাফারির সুযোগ না মিললেও একেবারে জঙ্গল ঘেঁষা হোটেল, রিসর্ট কিংবা হোম স্টেতে থেকে বর্ষায় ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদগ্রহণ সবটাই থাকে প্যাকেজে।
আলিপুরদুয়ার থেকে শুরু হচ্ছে ‘ডুয়ার্স দর্শন’ প্যাকেজ। সেখান থেকে বাস ছেড়ে জয়গাঁ হয়ে সোজা ভুটান। ফুন্টসেলিং শহরের পাশাপাশি সেখানকার ঝুলন্তসেতু, গুম্ফা ঘুরে দেখে ফিরে আসা ডুয়ার্সে। এরপর রাজাভাতখাওয়া জঙ্গল, মিউজিয়াম, ডিমা ভিউ পয়েন্ট দেখে পৌঁছে যাওয়া জয়ন্তী। পরবর্তী গন্তব্য সিকিয়াঝোরা লেক। সেখান থেকে দমনপুর হয়ে মাঝেরডাবরি চা বাগান। দু’টি পাতা একটি কুঁড়ি থেকে কীভাবে তৈরি হয় চা, টি প্রসেসিং ইউনিটে তা চাক্ষুস করা। পাহাড়, নদী, জঙ্গল আর চা বাগানের মাঝে গোটা দিন কাটিয়ে ফেরত আবারও আলিপুরদুয়ারে। ফেরার পথে শিশুদের আনন্দ দিতে বিনোদন পার্কে কিছুক্ষণ। খাওয়াদাওয়া থেকে এন্ট্রি ফি, সবটাই প্যাকেজের মধ্যে। এজন্য পর্যটককে এক টাকাও বাড়তি দিতে হবে না।
ডুয়ার্সের পর্যটনের প্রসারে এগিয়ে আসা একটি সংস্থার উদ্যোগে এই সুযোগ মিলছে। ট্যুর চলছে রাজ্য পর্যটন দপ্তরের গাইডলাইন মেনে। রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, অনেকেরই ঘুরতে যাওয়ার শখ থাকে। কিন্তু বেশি খরচের সামর্থ্য থাকে না। এক্ষেত্রে তাঁরা ৯৯৯ টাকায় ডুয়ার্সের অনেকটা ঘুরতে পারছেন। সঙ্গে ভুটানও ছুঁয়ে আসতে পারছেন। আমরা চাই, উত্তরের পর্যটনের প্রসারে এধরনের উদ্যোগ আরও নেওয়া হোক।
উদ্যোক্তাদের তরফে অরিন্দম ঘোষ বলেন, আমরা চাই, আরও বেশি পর্যটক ডুয়ার্সে আসুন। ন্যূনতম ছ’জন হলেই যে কোনওদিন ডুয়ার্স দর্শনে বেরিয়ে পড়তে পারবেন পর্যটকরা। আপাতত ১৭ আসনের দু’টি এসি বাসে ওই ভ্রমণ করানো হচ্ছে। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথি রায় বলেন, ডুয়ার্সের পর্যটনের প্রসারে রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিনিয়োগ বাড়ছে। এতে দেশ-বিদেশের পর্যটকের সংখ্যা বাড়বে বলে আমরা মনে করি।
লাটাগুড়ি হোটেল অ্যান্ড রিসর্ট ওনারর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, বর্ষায় ডুয়ার্সের আলাদা সৌন্দর্য রয়েছে। পর্যটকরা যাতে ওই সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেজন্য ‘বর্ষায় বনবাস’ প্যাকেজ করা হয়েছে। বুকিংয়ে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে।