Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বসন্ত উৎসব ও দোলযাত্রা পালিত বীরভূম জেলাজুড়ে

বীরভূম জেলাজুড়ে শহর ও গ্রামাঞ্চলে বসন্ত উৎসব ও দোলযাত্রা উৎসব পালিত হল

বসন্ত উৎসব ও দোলযাত্রা পালিত বীরভূম জেলাজুড়ে
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, সিউড়ি: বীরভূম জেলাজুড়ে শহর ও গ্রামাঞ্চলে বসন্ত উৎসব ও দোলযাত্রা উৎসব পালিত হল। শান্তিনিকেতনের সোনাঝুরিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো আনন্দে মাতেন। বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে উৎসবের আয়োজন করে তৃণমূল নেতৃত্ব। সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর সহ বিভিন্ন শহরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। শান্তিনিকেতনের ধাঁচে উৎসব হওয়ায় রং ব্যবহারের বদলে আবির খেলাতেই মানুষের বেশি আগ্রহ দেখা গিয়েছে। টানা কয়েক দিনের ছুটি থাকায় তারাপীঠে ব্যাপক পর্যটক সমাগম হয়।

Advertisement

সিউড়ি ইরিগেশন কলোনিতে বসন্ত উৎসব হয়। শহরের কচিকাঁচা থেকে শুরু করে নানা বয়সের মানুষ সেখানে আবির খেলায় মেতে ওঠেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের তালে অনেকে নৃত্য পরিবেশন করেন। শহরের বিভিন্ন মন্দিরে এদিন দোল উপলক্ষ্যে বহু মানুষ পুজো দেন। বক্রেশ্বর সতীপীঠেও এদিন পুজো দিতে ভক্তদের ভিড় দেখা যায়।
শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও দোলে মানুষ আনন্দোৎসবে মেতে ওঠেন। রং ও আবির মেখে সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিলস পোস্ট করার হিড়িকও চোখে পড়ে। শনিবার সিউড়ি, সাঁইথিয়া ও দুবরাজপুরের কিছু জায়গায় অবাঙালিরা হোলিতে মেতে ওঠেন। দিনভর বাড়ি বাড়ি রংখেলা চলে। বসন্ত উৎসব উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় রাতভর পিকনিক চলে। অনেক ক্লাবে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। 
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, বসন্ত উৎসব ঘিরে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন থানা এলাকায় বিক্ষিপ্ত কিছু ঘটনায় বেশ কয়েকজনকে পুলিস আটক করেছে। মহকুমাজুড়ে কড়া পুলিসি নিরাপত্তা ছিল।
সিউড়ি মহকুমার বিভিন্ন জায়গায় নানা রাজনৈতিক দলের উদ্যোগেও বসন্ত উৎসব হয়। সিউড়িতে তিলপাড়া পঞ্চায়েত এলাকায় সম্মিলনী সমিতির উদ্যোগে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সেখানে কচিকাঁচাদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি। বিধায়ক বলেন, একদিকে যেমন রমজান মাস চলছে, তেমনি বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। এই উৎসবে মানুষের সঙ্গে কিছুটা সময় কাটালাম। খুব ভালো লাগল। সবাইকে দোলপূর্ণিমার শুভেচ্ছা জানাই।

সম্পর্কিত সংবাদ