সংবাদদাতা, করিমপুর: করিমপুর লক্ষ্মীপাড়া আমরা ক’জন ক্লাবের পুজোয় এবার বাঁকুড়া জেলার বিকনা গ্রামের বিখ্যাত ডোকরা শিল্পকেই থিম হিসেবে তুলে ধরা হয়েছে। বাঁকুড়ার বিকনা গ্রাম ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। এখানকার শিল্পীদের আবাসস্থলকে ‘শিল্পডাঙা’ বলা হয়। সেই বিকনা গ্রামের শিল্পের সৌন্দর্যে মোড়া পরিবেশই তুলে ধরেছে আমরা ক’জন ক্লাবের পুজো কমিটি। এই পুজো কমিটির সম্পাদক অমৃত বিশ্বাস ও সভাপতি মলয় বিশ্বাস বলেন, প্রতি বছর আমরা পরিবেশ ভাবনার উপর জোর দিই। এবারও তার ব্যতিক্রম হয়নি। মণ্ডপের মধ্যে একটি গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। ১৫ বছরের পুরনো এই পুজোর বাজেট পাঁচ লক্ষ টাকা। শনিবার পঞ্চমীর সন্ধ্যায় বস্ত্র বিলির অনুষ্ঠানের মাধ্যমে এবারের পুজো শুরু হচ্ছে। পুজো কমিটির অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য শুধাংশু স্বর্ণকার, পার্থ সাহা বলেন, আমরা এবছর বাকুড়ার বিকনা গ্রামের ডোকরা শিল্পকে তুলে ধরেছি। শিল্পী পলাশ জোয়ারদারের ভাবনায় মণ্ডপ তৈরি হয়েছে। পলাশবাবু এর আগে চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় দ্বিতীয় স্থানাধিকারী শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। পাশাপাশি এই থিম ফুটিয়ে তুলতে পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পাট। পুজোয় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এবার প্রতিমাতেও নতুনত্ব রয়েছে। প্রতিমা শিল্পী শৌভিক শর্মা বলেন, এখানে সাবেকি ঘরানার একচালার প্রতিমা। সিংহের মুখ ঘোড়ার মুখের আদলে গড়া হয়েছে। সব মিলিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য সব রকম আয়োজন করা হয়েছে। • নিজস্ব চিত্র



