৮ দিন ডিজিটাল অ্যারেস্ট চিকিৎসক-পত্নী, ‘ভিডিয়ো কল কাটলেই খুন’, ১ কোটি ৭৮ লক্ষ টাকার প্রতারণা ঠাকুরপুকুরে
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বার্ণিক দাস, কলকাতা: ‘লালবাজার থেকে বলছি। আমাদের কাছে খবর আছে, আপনার এই ফোন নম্বর আন্তর্জাতিক ড্রাগ পাচার গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তবে ভয় নেই। আমরা জানি, আপনি নির্দোষ। আপনি ভিডিয়ো কলে আমাদের সঙ্গে সবসময় অনলাইন থাকুন। ফোন কাটলেই কিন্তু পাচারকারীদের হাতে খুন হয়ে যাবেন। অনলাইন থাকাই নিরাপদ।’

Advertisement

মোবাইলের স্ক্রিনে অপরিচিত নম্বর ভেসে উঠতে দেখে তড়িঘড়ি কল রিসিভ করেছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা অনুরাধা চৌধুরী। ফোন ধরা মাত্র উলটো দিক থেকে এই বার্তা পেয়ে স্বভাবতই তিনি হতচকিত হয়ে পড়েন। কল কেটে দেওয়ার সাহস পাননি। কিছুক্ষণের মধ্যে ফোনের ওপার থেকে নির্দেশ আসে, ‘ড্রাগ পাচারের এই মামলা মেটাতে টাকা দিতে হবে।’ সেই মতো অনুরাধাদেবী তাঁর চিকিৎসক স্বামীর সারা জীবনের সঞ্চয়ই তুলে দেন পুলিশ সেজে ফোন করা প্রতারকদের হাতে! ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর, এই আট দিনে মোট ১ কোটি ৭৮ লক্ষ টাকা তিনি প্রতারকদের দেওয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। তাজ্জব বিষয় হল, প্রাণের ভয়ে এই কদিন তিনি কখনো ভিডিয়ো কল বিচ্ছিন্ন করেননি। টানা আটদিন তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখে জালিয়াতরা। 
প্রতারণা টের পেয়ে অনুরাধাদেবী ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন। ইতিমধ্যে সেই মামলার তদন্তভার নিয়েছে লালবাজারের সাইবার সেল। পুলিশ জানিয়েছে, প্রতারিত অনুরাধাদেবী পূর্ব বড়িশা গভর্নমেন্ট কলোনির বাসিন্দা। তাঁর স্বামী ডাঃ দীপক চৌধুরী কয়েক বছর আগে প্রয়াত। সুভাষিনী ভিলায় আপাতত একাই থাকতেন প্রৌঢ়া। তাঁর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় পৌনে ২ কোটি টাকা ছিল। সেই তথ্য কোনোভাবে প্রতারকদের কাছে পৌঁছায়। এরপরই ‘ডিজিটাল অ্যারেস্টের’ টার্গেট হয়ে যান তিনি। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে গত ২৭ আগস্ট অনুরাধাদেবী একটি অপরিচিত নম্বর থেকে ফোন (ভয়েস কল) পান। ওই দিন থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রতারকরা নিয়মিত যোগাযোগ করে গিয়েছে তাঁর সঙ্গে। নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় অভিযুক্তরা। ৪৫ দিনে দু’টি মোবাইল নম্বর থেকে অভিযুক্তরা যোগাযোগ রেখেছিল। একটি নম্বর ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র ভিডিয়ো কলে অনুরাধাদেবীকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখার জন্য। ফোনেই ড্রাগ পাচার মামলা থেকে তাঁকে মুক্ত করার উপায় জানিয়েছিল ভুয়ো পুলিশ। তাঁকে বলা হয়, আন্তর্জাতিক পাচার চক্রের মামলা হওয়ায় এক্ষেত্রে জামিনের জন্য বিপুল টাকা খরচ করতে হবে। সেই টাকা দিতে প্রৌঢ়া রাজি হওয়ার পরই ভিডিয়ো কলে অনলাইন থাকার ‘নির্দেশ’ আসে ‘লালবাজার’ থেকে! 
ঠাকুরপুকুর থানা অনুরাধাদেবীর ব্যাংক লেনদেনের নথিপত্র যাচাই করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। জানা গিয়েছে, মোট ৬ দফায় তিনি ১ কোটি ৭৮ লক্ষ টাকা আরটিজিএস করেছেন। প্রত্যেকটি আলাদা আলাদা অ্যাকাউন্ট নম্বর। প্রতিটিই এখন স্ক্যানারে।