চিকিৎসকের মৃত্যু, নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল, আত্মহত্যারই ইঙ্গিত ময়নাতদন্তে
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাগেরবাজার থানা এলাকার হস্টেল থেকে চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছিল পরিবার। তবে প্রাথমিক তদন্তের পর ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও এই ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার ফরেনসিক টিম হস্টেলে মৃত চিকিৎসকের ঘরে যায়। বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। রবিবার বিকালে নাগেরবাজার থানা এলাকার ঘুঘুডাঙা ফাঁড়ি লাগোয়া ঘোষপাড়ার এক হস্টেলের ঘর থেকে চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে মেলে সুইসাইড নোটও। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল পরিদর্শন, দেহের অবস্থানসহ অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে আত্মহত্যা বলেই অনুমান করেছিল পুলিশ। যদিও পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়। মৃত চিকিৎসকের জামাইবাবু সুদীপ্ত সরকার অভিযোগে বলেছেন, ‘রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অভিজিৎ তার দিদিকে ফোন করেছিল। বলেছিল, সে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। কোনো অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে খুন করতে পারে। এরপর বিকাল ৪টা নাগাদ তার ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পাই।’ পুলিশ পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে। মৃত চিকিৎসকের ফোন বাজেয়াপ্ত করে তদন্ত চলছে। হস্টেলের মালিক ও আবাসিকদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। মঙ্গলবার ফরেনসিক বিভাগের কর্মীরা হস্টেলের ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেন। খুনের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণেও আত্মহত্যা বলেই ইঙ্গিত মিলেছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ওই চিকিৎসকের সঙ্গে কারও শত্রুতা, ব্যক্তিগত আক্রোশ, পারিবারিক বা পেশাগত কোনো সমস্যা তৈরি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই চিকিৎসক কোনো কারণে অবসাদে ভুগছিলেন কি না, সেই খোঁজ নেওয়ার পাশাপাশি অবসাদের কারণও জানার চেষ্টা চলছে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তাজনিত আশঙ্কার কথা বলেছিলেন মৃত চিকিৎসক। সেগুলির ভিত্তি কী, জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। 

Advertisement