বেঙ্গালুরু: ব্যাগ রাখা নিয়ে বিমানকর্মীদের সঙ্গে বচসা মহিলা চিকিৎসকের। তার জেরে ‘বিমান ক্র্যাশ করিয়ে দেব’ বলে হুমকি দিলেন তিনি। এরপরই হিরাল মোহনভাই নামক ওই যাত্রীকে হেফাজতে নিয়েছে বেঙ্গালুরু পুলিস। ঘটনাটি গত মঙ্গলবারের। কর্ণাটকের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া আইএক্স ২৭৪৯ সুরাতগামী বিমানে উঠেছিলেন ওই মহিলা। দুপুর আড়াই নাগাদ বিমানের কেবিন ক্রুদের সঙ্গে বচসায় জড়ান তিনি। চিকিৎসকের আসন সংখ্যা ছিল ২০এফ। সিটে বসার আগে উড়ানের সামনের দিকে ব্যাগ রেখে দেন ওই যাত্রী। তাঁকে ব্যাগটি সরাতে বলেন ক্রুরা। তাতেই চিৎকার করতে শুরু করেন চিকিৎসক।



