বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে  ধর্ষণের অভিযোগ, ডাক্তার গ্রেপ্তার
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকার সঙ্গে সহবাস এবং তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এক ডাক্তার। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেবাংশু রায়। সোমবার রাতে পঞ্চসায়র এলাকার একটি আবাসন থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধরসহ একাধিক ধারায় কেস রুজু করেছে থানা। পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিণী শিক্ষিকা পঞ্চসায়র এলাকার বাসিন্দা। ওই এলাকারই একটি ফ্ল্যাটে থাকেন ওই ডাক্তার। বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন তিনি। ওই সূত্রে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ওই শিক্ষিকার সঙ্গে ডাক্তারের পরিচয় হয়। বিয়ের ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়ে যায়। মাস তিন আগে ওই শিক্ষিকা জানতে পারেন যে, তাঁর হবু স্বামীর সঙ্গে অন্য এক তরুণীর ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে! তাঁর ফ্ল্যাটে গিয়ে ওই তরুণীর সঙ্গে ডাক্তারকে হাতেনাতেও ধরে ফেলেন শিক্ষিকা। স্বভাবতই এরপর দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। 

Advertisement

পুলিশ বলেছে, কিছুদিন পর অভিযুক্ত ডাক্তার শিক্ষিকাকে জানান যে তরুণীর সঙ্গে সম্পর্ক থেকে তিনি বেরিয়ে আসবেন এবং শিক্ষিকাকেই বিয়ে করবেন। তখন ডাক্তারের ফ্ল্যাটে শিক্ষিকা যেতেন। তাঁর অভিযোগ, তখনই সেখানে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন ওই ডাক্তার। এদিকে, শিক্ষিকা ফের জানতে পারেন, দেবাংশুর সঙ্গে ওই তরুণীর সম্পর্ক তখনও অটুট! বিষয়টি নিয়ে ডাক্তারকে প্রশ্ন করা হলে শিক্ষিকাকে মারধর করেন অভিযুক্ত। এমনকি, ভিডিয়ো কল মারফত এমনও হুমকি দেন যে, শিক্ষিকা তাঁকে বিয়ে না-করলে ডাক্তার আত্মহত্যাই করবেন! পুলিশ জানাচ্ছে, সোজা কথায়, অভিযুক্ত ডাক্তার উলটে ওই শিক্ষিকার সঙ্গে ব্লাকমেইল করাই শুরু করেন। শিক্ষিকা তখন বেশ বুঝে যান যে, ডাক্তার তাঁকে অন্যভাবে ফাঁসাতে চাইছেন। অগত্যা ওই শিক্ষিকা গত মাসে পঞ্চসায়র থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতে উপযুক্ত কেস রুজু করেছে পুলিশ। সোমবার তাঁকে আলিপুর কোর্টে তোলা হয়। অভিযুক্তের আইনজীবী শুভাশিস দাসের দাবি, তাঁর মক্কেলকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। অন্যদিকে, সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, একজন ডাক্তার হিসাবে অভিযুক্ত যে কাণ্ড ঘটিয়েছেন তা কলঙ্কজনক। কোর্ট তাঁকে পুলিশি হেপাজতে পাঠিয়েছে।