Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চিকিৎসার অছিলায় মা ও মেয়ের যৌন হেনস্তা, অভিযুক্ত ডাক্তার

চিকিৎসার নামে ক্লিনিকে মা ও মেয়েকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল বারাসতের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

চিকিৎসার অছিলায় মা ও মেয়ের যৌন হেনস্তা, অভিযুক্ত ডাক্তার
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চিকিৎসার নামে ক্লিনিকে মা ও মেয়েকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল বারাসতের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতারা। পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বারাসত শহরের এক গৃহবধূ তাঁর মেয়েকে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তিনি রোগী দেখেন বারাসতের একটি বেসরকারি ক্লিনিকে। অভিযোগ, চিকিৎসক প্রথমে গৃহবধূর তরুণী মেয়েকে অশালীনভাবে স্পর্শ করেন। বিব্রত হয়ে চেম্বার থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর তাঁর মা চিকিৎসা করাতে ঢোকেন চেম্বারে। অভিযোগ, চিকিৎসক ওই গৃহবধূর পোশাক সরিয়ে চিকিৎসার অছিলায় তাঁকে যৌন হেনস্তা করে। গৃহবধূও কোনওরকমে বাইরে বেরিয়ে এসে এর তীব্র প্রতিবাদ জানান। ক্ষোভে ফেটে পড়েন ক্লিনিকে। কিন্তু, তাতে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ কোনও সহানুভূতি দেখায়নি, বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেই দাবি করেছেন নির্যাতিতা বধূ। রাতেই বারাসত থানায় চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা ও তাঁর মেয়ে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিস। নির্যাতিতা বধূর স্পষ্ট দাবি, আমি যে জন্য চিকিৎসা করাতে গিয়েছিলাম সেটা উনি করেননি। উল্টে নোংরাভাবে আমার শরীর স্পর্শ করেছেন। এদিকে পুলিস জানিয়েছে, চিকিৎসাকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ