সংবাদদাতা, দেওয়ানহাট: ভেটাগুড়ির উত্তর বালাডাঙা গ্রামে জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিস। ফলে জোড়া খুনের ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রহস্য বাড়ছে। কোথায় গেল খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র! যে অস্ত্রের আঘাতে মঙ্গলবার রাতে মৃত্যু হয় জেল ফেরত ইউসুফ মিয়াঁ ও হাসানুর রহমানের। মত্ত অবস্থায় তারা বচসা জড়িয়েছিল ওই রাতে। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হলেও কেন ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার হল না তা নিয়ে ধন্দে পুলিসও। তবে কি তৃতীয় কোনও ব্যক্তি জড়িত, এই প্রশ্ন উঁকি মারছে পুলিস মহলেও। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গ্রামেও। যদিও তদন্তকারী পুলিস অফিসারদের দাবি, ঘটনার তদন্ত চলছে।



