Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডানায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ কম দেখানোয় বিক্ষোভ চাষিদের

ডানায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ কম দেখানোয় বিক্ষোভ চাষিদের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ক্ষতিপূরণের দাবিতে সোমবার মেমারির সাতগেছিয়া-১ পঞ্চায়েত এলাকার চাষিরা বিক্ষোভ দেখান। তাঁরা ব্লক কৃষিদপ্তরের অফিসে স্মারকলিপি জমা দিয়েছেন। চাষিদের দাবি, ‘ডানা’-র দাপটে ধান গাছ পড়ে গিয়েছে। ফলন তলানিতে গিয়ে ঠেকবে। বিমা সংস্থা ক্ষতিপূরণ না দিলে চাষিদের পথে বসতে হবে। মেমারির পাশাপাশি ভাতার, খণ্ডঘোষ, রায়না, গলসি সহ বিভিন্ন এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভাতারের চাষি অমিত দাস বলেন, সমবায় থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে ধান চাষ করেছিলাম। ধান গাছ ভালোই হয়েছিল। ফলন অনেক বেশি হবে বলে মনে করছিলাম। কিন্তু ‘ডানা’-র দাপট সবকিছু শেষ করে দিল। তারপর পোকার আক্রমণ দেখা গিয়েছে। কিছু জমিতে অর্ধেক ফলন হবে না। কৃষি লোন কীভাবে শোধ করব তা বুঝতে পারছি না। মন্তেশ্বর এলাকার এক চাষি বলেন, জমিতে জল ছিল। ধান গাছ পড়ে যাওয়ায় সেই কারণে বেশি ক্ষতি হয়েছে। সারের দাম আকাশছোঁয়া। অন্যান্য খরচও বেড়ে গিয়েছে। তারপর ধানের ফলন না হলে চাষিদের ব্যাপক আর্থিক ধাক্কার মুখে পড়তে হবে। কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই মতো চাষিরা বিমার টাকা পাবেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল বলেন, বিমার জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছিল। চাষিদের সুবিধার জন্য বিমার সময়সীমাও বাড়ানো হয়। ক্ষতিগ্রস্ত এলাকার চাষিরা নিশ্চয়ই ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করার জন্য আধিকারিকরা নিজে মাঠে গিয়েছিলেন। বিমা সংস্থার কর্মীরাও ছিলেন। এবছর জেলার আলু চাষিরা মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। ধান চাষিরাও তা পাবেন।
Advertisement
চাষিরা বলেন, ডিভিসির ছাড়া জলে জেলার রায়না এবং জামালপুরের বেশ কিছু এলাকার ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর ‘ডানা’-র দাপটে চাষিদের ঘুম ছুটে যায়। ওই সময় ধান পুষ্ট হয়েছিল। শিস ভারী হয়ে থাকায় ঝোড়ো হাওয়ায় তা পড়ে যায়। বিশেষ করে সুগন্ধি ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিদপ্তর ক্ষতিগ্রস্ত এলাকার প্রাথমিক তালিকা তৈরি করে পাঠিয়েছে। চাষিদের দাবি, কিছু এলাকায় বেশি জমি ক্ষতিগ্রস্ত হলেও তা কম করে দেখানো হয়েছে। সেই অভিযোগ তুলেই এদিন মেমারি-২ ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। কৃষিদপ্তর বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে।
সম্পর্কিত সংবাদ