Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে গ্যাস লিক করে আগুন, আরও ২ জনের মৃত্যু

ডোমকলে গ্যাস লিক করে আগুন, আরও ২ জনের মৃত্যু
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ডোমকল থানার বক্সিপুরে মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দু’জনের মৃত্যু হল। শনিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দোকানের মালিক আসরফ মোল্লা(৪৩) ও সাবির শেখ(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ফলে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। আসরফের ভাই আবদুস মোল্লা মুর্শিদাবাদ মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
Advertisement
বুধবার দুপুরে বক্সিপুরে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেসময় দোকানে ক্রেতা সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কয়েকজন ছুটে বেরিয়ে আসতে পারলেও চারজন বেরতে পারেননি। দোকান মালিক, এক কলেজ ছাত্র ও আরও দু’জন ভয়াবহ আগুনে ঝলসে যান। তাঁদের প্রথমে ডোমকল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকের শরীরের প্রায় ৭০-৮০ শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর সেদিন বিকেলে চারজনকেই মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। পরদিন রাতে সেখানেই বছর উনিশের কলেজ ছাত্র আজিজ শেখের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছিল। শনিবার রাতে জখম আরও দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের ওভেনে মিষ্টি তৈরি হচ্ছিল। সিলিন্ডার লিক করে আচমকা আগুন ছড়িয়ে পড়ে। মৃত দোকান মালিকের দাদা সাহিনুর মোল্লা বলেন, আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল যে ওরা দোকানের ভিতরেই ঝলসে গিয়েছিল। আমার আর এক ভাই মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ডোমকল থানার পুলিস জানিয়েছে, ওই ঘটনায় প্রাথমিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পর্কিত সংবাদ