সংবাদদাতা, ডোমকল: শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমকলে। মৃতার নাম পুনম মণ্ডল(২১)। মঙ্গলবার দুপুরে ডোমকলের জয়রামপুড়ে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে হাসপাতাল থেকে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিস। এবিষয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কারও নামে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিস জানিয়েছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ডোমকলের কুঠি এলাকার পুনমের সঙ্গে জয়রামপুরের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের প্রথমের দিকে ঠিকঠাক চললেও পরবর্তীতে ফোনে কথা বলা নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। বধূর শ্বশুরবাড়ি ও প্রতিবেশীদের দাবি, ফোনে অন্য কারও সঙ্গে কথা বলত পুনম। তা নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হতো। বিষয়টি গৃহবধূর মা-বাবাও জানতেন। বধূর শ্বশুরবাড়ির লোকেদের দাবি, এদিন সংসারে কোনও অশান্তি হয়নি। দুপুরে ফোনে কারও সঙ্গে কথা বলার পর পুনম ঘরের দরজা দিয়ে গান শুনতে থাকে। কিছুক্ষণ পর তাঁর স্বামী এসে ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙেন। তাঁরা পুনমদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন বধূকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



