সংবাদদাতা, তুফানগঞ্জ: ২৬ জানুয়ারি দিল্লিতে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেবেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্রী পাপিয়া বর্মন। ৭ থেকে ১৬ নভেম্বর অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ইস্ট জোন প্রি-রিপাবলিক প্যারেড ডে শিবির। সেখানে অংশ নেন পাপিয়া। সেখান থেকেই তিনি চূড়ান্ত পর্বে সুযোগ পান। পাপিয়া তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিলসি এলাকার বাসিন্দা। তিনি ইতিহাস বিভাগের পঞ্চম সেমেস্টারের ছাত্রী। প্রত্যন্ত এলাকা থেকে সুযোগ মেলায় তাঁর গ্রামের পাশাপাশি ও গোটা কলেজজুড়ে খুশির হাওয়া বইছে। বাবা পেশায় টোটো চালক। ছোট থেকেই পাপিয়ায় ইচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া। বর্তমানে দিল্লিতে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। পাপিয়া বলেন, দীর্ঘদিনের একটি ইচ্ছে পূরণ হতে চলেছে। ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চাই। তুফানগঞ্জ কলেজের এনএসএস’র পোগ্রাম অফিসার স্বপন দে বলেন, রাজ্য থেকে যে আটজন সুযোগ পেয়েছেন তাঁদের মধ্যে পাপিয়া একজন। বছরভর পরিশ্রমের ফলেই এমন সাফল্য মিলেছে। ওর এই সুযোগে আমাদের কলেজের সুনাম বৃদ্ধি হবে।



