Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলা ও আলুয়াবাড়ি রোডের কাজ খতিয়ে দেখলেন ডিআরএম 

ডালখোলা ও আলুয়াবাড়ি রোডের কাজ খতিয়ে দেখলেন ডিআরএম 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর ও করণদিঘি: অমৃত ভারত প্রকল্পে ডালখোলা ও ইসলামপুরের আলুয়াবাড়ি রোড রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার ও রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ রেলের প্রতিনিধিদল। ডিআরএমকে কাছে পেয়ে ডালখোলা ব্যবসায়ী সমিতি ও বিজেপির টাউন মণ্ডল একগুচ্ছ দাবি জানায়। 
Advertisement
ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম সরকার বলেন,  কাটিহার-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেনটি ডালখোলা পর্যন্ত চালানো পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইগামী ট্রেনের স্টপের দাবি জানানো হয়েছে। 
বিজেপির টাউন মণ্ডলের দাবিও প্রায় একই। মণ্ডল সভাপতি ভজন দে বলেন, ডালখোলায় অরুণাচল এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেস, কামরূপ ও শতাব্দী এক্সপ্রেসের স্টপের দাবি জানানো হয়েছে। 
ডালখোলা থেকে বের হয়ে ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন পরিদর্শন করেন রেলকর্তারা। ইসলামপুরের শান্তিনগর রেলগেটে ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের দাবি বহুদিনের। ওই জায়গা আগেও ডিআরএম পরিদর্শন করেছেন। এদিন থানা কলোনি থেকে শান্তিনগর যাওয়ার মাঝে রেললাইন এলাকা পরিদর্শন করেন। ইসলামপুর নাগরিক মঞ্চ আলুয়াবাড়িতে দূরপাল্লার একাধিক ট্রেনের স্টপের দাবিপত্র ডিআরএম ও সাংসদের হাতে তুলে দেয়।
ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, অমৃত ভারত প্রকল্পের কাজের অগ্রগতি সেসঙ্গে অতিরিক্ত আরও কী কী প্রয়োজন তা খতিয়ে দেখতেই এদিনের পরিদর্শন। সাধারণ মানুষও বিভিন্ন দাবি জানিয়েছেন। স্টপের দাবির বিষয়টি রেলওয়ে বোর্ডের বিষয়। আমি দাবিগুলি বোর্ডে পাঠিয়ে দেব। বাকি নতুন বিল্ডিং, শেড সহ অন্যান্য দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। শান্তিনগর রেলগেট প্রসঙ্গে বলেন, সমস্ত রেলগেটের সার্ভে হয়েছে। ডিপিআরও বানানো হয়েছে। ফান্ড অনুসারে আরওবি বা আন্ডার পাস করা হবে। আলুয়াবাড়িতে কতদিনের মধ্যে অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ হবে? ডিআরএম বলেন, আপাতত যেসমস্ত কাজ ধরা হয়েছে তা  ৫-৬ মাসের মধ্যে শেষ হবে। এর পরেও অতিরিক্ত কিছু কাজ হবে। ডালখোলা স্টেশনের কাজও ভালো হচ্ছে। স্টেশন বিল্ডিং, স্টেশনে যাতায়াতের রাস্তা সহ একাধিক কাজ হবে। সাংসদ কার্তিকচন্দ্র পাল বলেন, কেন্দ্রীয় সরকার গোটা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার একাধিক স্টেশনে রেলের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। 
ডালখোলা রেল স্টেশনের কাজ খতিয়ে দেখার পর ডিআরএম বলেন, এই স্টেশনে ভালো কাজ হচ্ছে। সব বিল্ডিং সংস্কার হচ্ছে। স্টেশনের বাইরেও কাজ শুরু হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনে চলমান সিঁড়ি, লিফটের কাজ চলছে। নতুন শৌচাগার তৈরি, টিকিট বুকিং কাউন্টার থেকে শুরু করে স্টেশনের বাইরের রাস্তাও ১২ মিটার চওড়া করা হবে। বাইরে পার্কিং জোন থাকবে। ওয়েটিং রুম ঢেলে সাজানো হবে। স্থানীয়দের সুবিধার্থে বেশ কিছু ট্রেনের স্টপ দেওয়া হবে ডালখোলা রেল স্টেশনে। এমনটাই আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ।
সম্পর্কিত সংবাদ