Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ দিনাজপুরের উন্নয়ন বৈঠক, আক্ষেপের সুর দুই বিধায়কের গলায়

দক্ষিণ দিনাজপুরের উন্নয়ন বৈঠক, আক্ষেপের সুর দুই বিধায়কের গলায়
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন বৈঠকে আক্ষেপের সুর ঝরে পড়ল দুই তৃণমূল বিধায়কের গলায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে পর্যাপ্ত ফান্ড না পাওয়া নিয়েই মুলত তাঁদের অনুযোগ।
Advertisement
বুধবার বালুরঘাটের বালুছায়া প্রশাসনিক ভবনে জেলার সার্বিক উন্নয়ন  নিয়ে সব দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন ডিএম বিজিন কৃষ্ণ। সেখানে রাখঢাক না করেই কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং কুশমন্ডির রেখা রায় নিজেদের বঞ্চিত হওয়ার কথা বললেন। উল্টোদিকে উন্নয়নের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল।
বৈঠকে তোরাফ বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ৫ কোটি টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র দেড় কোটি পেয়েছি। এলাকায় কাজ করার বিষয়ে পিছিয়ে যাচ্ছি। প্রস্তাবিত পাকা রাস্তা করার জন্য ফান্ড কমে গিয়েছে। হতে পারে কোনও ভুল বোঝাবুঝি হয়েছে।
রেখার কথায়, আমিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ফান্ড থেকে কম অর্থ পেয়েছি। বিধানসভার জন্য সবমিলিয়ে চার কোটিও পাইনি। এভাবে যদি কম টাকা পাই, কাজে সমস্যা হবে। তাছাড়া ব্লক ও বিধানসভা থেকে আলাদা আলাদা  প্রস্তাব যাচ্ছে। মিলেমিশে প্রস্তাবগুলি পাঠালে কাজ করতে সুবিধা হবে। 
তবে দুই বিধায়ক যখন বঞ্চনার প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, উল্টো সুর শোনা গিয়েছে সুভাষ ভাওয়ালের কথায়। তিনি বৈঠকে কাজের মান নিয়েই প্রশ্ন তুলেছেন। সুভাষের মন্তব্য, সবাই পারফরমেন্স ভালো করার জন্য ঝাঁপিয়ে পড়ছি। কিন্তু কাজের মান মনে হয় দিনদিন কমছে। তার জন্য হয়তো জনপ্রতিনিধিরা দায়ী। আধিকারিকদের নজরদারির অভাবও থাকতে পারে। কাজগুলি যদি সমন্বয় রেখে করা যায়, মনে হয় মান ও স্থায়ীত্ব বাড়বে।  
এদিন বৈঠকে কোন দপ্তরের কাজ কেমন চলছে জেনে নেন জেলাশাসক।  বিডিও, পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতিদের দ্রুত কাজ শেষ করার পাশাপাশি পরিকল্পনা নিয়েও একাধিক পরামর্শ দিয়েছেন তিনি।  
জেলাশাসক বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। পরিকল্পনাও ঠিকভাবে করতে হবে।
সম্পর্কিত সংবাদ