Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজিটাল প্রতারণা রুখতে সচেতনতার বার্তা পুলিসের

ডিজিটাল প্রতারণা রুখতে সচেতনতার বার্তা পুলিসের
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: প্রতারণার নতুন নাম ডিজিটাল অ্যারেস্ট। এই ফাঁদে পড়ে অনেকেই খুঁইয়েছেন বহু টাকা। এনিয়ে এবার সচেতনতার জন্য পথে নামল মেখলিগঞ্জ থানার পুলিস। কোচবিহার জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্য প্রতারকদের এটা একটা নতুন পন্থা মাত্র। জেলা পুলিসের পক্ষ থেকে সমস্ত জনসাধারণের জন্য এনিয়ে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, সাইবার অপরাধের যুগে ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানাতে বিভিন্ন এলাকাজুড়ে পুলিসের তরফে মাইকিং চলছে। সম্প্রতি মেখলিগঞ্জের মতো প্রত্যন্ত এলাকাতেও পরপর কয়েকটি অনলাইন প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এই ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার প্রতারণা রুখতে বিশেষ সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে পুলিস ও প্রশাসন। ডিজিটাল প্রতারণা ঠেকাতে ভয় না পেয়ে মনের জোর ধরে রাখা কিংবা প্রয়োজনে ন্যাশনাল সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে ডায়াল করার জন্য পুলিসের তরফে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ