সংবাদদাতা, ঘাটাল: কালী ও শীতলা পুজো উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে নামী ডিজে আনা হচ্ছে। সেকারণে দাসপুর থানার নাড়াজোল আমডাংরা এলাকার যাতায়াতের মূল রাস্তা ‘নো-এন্ট্রি’ থাকবে বলে পুজো কমিটি নোটিস টাঙানোয় বিতর্ক শুরু হয়েছে। পুজো কমিটির ‘গাজোয়ারি’ সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ঘাটাল ও দাসপুর থানার প্রায় ৩০টি গ্রামের বাসিন্দারা ওই রাস্তা ব্যবহার করেন। তাঁরা বলেন, যাতায়াতের একমাত্র রাস্তা এভাবে দু’দিন বন্ধ রাখলে বহু মানুষ দুর্ভোগে পড়বে। এটা আমরা কোনওভাবেই মেনে নেব না। দাসপুর থানার পুলিস জানিয়েছে, নো-এন্ট্রির কথা জানা নেই। কোনও রাস্তায় নো-এন্ট্রি থাকবে কি না সেটা পুলিস বা ট্রাফিক ঠিক করে। পুজো কমিটি এভাবে আগাম সিদ্ধান্ত নিতে পারে না। পুলিস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো এবারও ওই গ্রামে আগামী শুক্রবার থেকে নাড়াজোল আমডাংরা শীতলা ও কালীপুজো শুরু হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত পুজো চলবে। পুজোয় ঝাড়খণ্ড থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, ওই ডিজে সেটটি দেশের সেরা। পুজো উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই রাস্তার পাশে ডিজে বাজানো হবে। দাসপুর-মেদিনীপুর রাস্তার নাড়াজোল বাসস্টপ থেকে একটি রাস্তা ঘাটাল থানার রাধানগর পর্যন্ত এসেছে। ওই রাস্তার মধ্যেই পড়ে আমডাংরা। ডিজের বিকট শব্দে গাড়ির হর্ন শুনতে পাবেন না পথচারীরা। সেজন্য পুজোর কয়েকদিন ওই রাস্তার যাতে কোনও মানুষ চলাচল করেন সেজন্যই এখন থেকে নো-এন্ট্রির ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
ব্যানারে পরিষ্কার জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার বিকেল ৩টে থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ওই রাস্তায় কোনওরকম গাড়ি, এমনকী সাইকেলও চলাচল করতে পারবে না। ওই ব্যানার দেখেই নিত্যযাত্রীরা ক্ষুব্ধ। তাঁরা বলেন, ডিজের শব্দে আশপাশের তিন-চারটি গ্রামের বাসিন্দাদের টেকা দায় হয়ে উঠবে। তাছাড়া রাস্তায় কিছুক্ষণের জন্য নো-এন্ট্রি মেনে নেওয়া যায়। কিন্তু দু’দিন ধরে ‘নো-এন্ট্রি’ থাকলে বহু মানুষকে দুর্ভোগে পড়তে হবে। ওইসময় কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে অসুবিধা হবে।
পুজো কমিটির সম্পাদক স্বপন দলুই বলেন, বছরের এই দু’দিনের জন্যই আমাদের ও পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষজন সারা বছর প্রতীক্ষায় থাকে। সেজন্যই এতকিছুর আয়োজন। ডিজে বাজলে অন্য কোনও শব্দ কানে যাবে না। তাই পথচারীদের নিরাপত্তার স্বার্থেই ওই দু’দিন নো-এন্ট্রি করা হচ্ছে।-নিজস্ব চিত্র