Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘পুশব্যাক’ হয়ে ফিরে আসা আমিরের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাবে জেলা তৃণমূল নেতৃত্ব

বাংলাদেশে ‘পুশব্যাক’ হয়ে ফিরে আসা কালিয়াচকের আমির শেখের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানাবে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস।

‘পুশব্যাক’ হয়ে ফিরে আসা আমিরের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাবে জেলা তৃণমূল নেতৃত্ব
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: বাংলাদেশে ‘পুশব্যাক’ হয়ে ফিরে আসা কালিয়াচকের আমির শেখের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানাবে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে কালিয়াচক-১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমিরের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। 

Advertisement

জেলা তৃণমূলের সভাপতি বলেন, আমরা এদিন আমিরকে কিছু আর্থিক সহযোগিতা এবং সংবর্ধনা দিয়েছি। আমির যেন আগামী দিনে বাইরের রাজ্যে কাজ করতে আর না যান, সেজন্য আমাদের জেলা কমিটির তরফে মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ী সাহায্যের আবেদন করা হবে। এতে তাঁর পরিবারের সুবিধা হবে। আমাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী আমাদের কথা রাখবেন। 
উল্লেখ্য, গত জুনে রাজস্থানে কাজের খোঁজে যান মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখ। অভিযোগ, সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করা হয়। কিছুদিন পর তাঁকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হয়। তাঁকে সম্প্রতি দেশে ফেরানো হয়।  জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং সহযোগিতায় আমির বাড়িতে ফিরতে পেরেছেন। সেজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সোমবার বিকেলে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তৃণমূলের মালদহ জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কালিয়াক-১ ব্লক সভাপতি সারিউল শেখ সহ অন্যান্যরা। এদিন জেলা তৃণমূলের সভাপতি কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। রহিম বক্সি আরও বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাঙালিকে এখন বাংলাদেশি দেখতে পাচ্ছে। আমির তাঁর প্রমাণ। আমির অনুরোধ এবং আর্তনাদ করেছিল, তবুও তাঁকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। রাজ্য সরকার চাপ সৃষ্টি না করলে আমির ফিরতে পারত না।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ