Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড দেওয়া শুরু ১৬ আগস্ট

আগামী ১৬ আগস্ট রাজ্যে পালিত হবে আয়ুষ্মান দিবস। ওই দিনই রাজ্যের কয়েক লক্ষ মানুষের হাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ডও তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড দেওয়া শুরু ১৬ আগস্ট
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৬ আগস্ট রাজ্যে পালিত হবে আয়ুষ্মান দিবস। ওই দিনই রাজ্যের কয়েক লক্ষ মানুষের হাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ডও তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁদের জন্য রাজ্যের নিজস্ব এই স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হচ্ছে। এর বিস্তারিত জানিয়ে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। ১৬ তারিখ নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড তুলে দেওয়া হবে বলে মঙ্গলবার সচিবদের সঙ্গে প্রকল্প পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে খবর। 

Advertisement

এদিন বিকালে নবান্ন সভাঘরে ১০০ জন নিট উত্তীর্ণকে সংবর্ধিত করেছে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমসহ অন্যান্যরা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এবং অগ্রগতির জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব, যাতে আগামী দিনে এই সফল ছাত্রছাত্রীরা চিকিৎসক হয়ে স্বেচ্ছায় এই রাজ্যেই পরিষেবা দিতে উৎসাহিত হবেন।’ তিনি আরও জানান, স্বাস্থ্য শিক্ষা এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকেও উৎসাহিত করা হচ্ছে। নিউটাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক মানের একটি ২০০০ শয্যার হাসপাতাল করছে। যেখানে ১০০০ বেড আর্থিকভাবে দুর্বলদের জন্য থাকবে। এসএসকেএম হাসপতালেও আসন সংখ্যা আরও বাড়ানো হবে। 
এদিন সকালে মিলন মেলা প্রাঙ্গণে প্রতিটি দপ্তরের কাজকর্ম এবং আর্থিক লেনদেনের অডিট বিষয়ক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘আগের সরকারের আমলে কোনো অভিযোগ এলে আপনারা ইন্টারনাল অডিট করতেন। এখন তা চলবে না। প্রত্যেকটি দপ্তরকেই ক্যালেন্ডার মেনে নিয়মিত অডিট করাতে হবে।’ তিনি আরও বলেন, ‘রাজ্য সরকারের একাধিক কর্মসূচি চলছে। প্রত্যেকটি দপ্তরকে পরিকাঠামো তৈরি করার জন্য রাজ্য সরকার যা যা দেওয়ার দেবে। অর্থের জোগানে কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টদের সহযোগিতা নেবেন। কিন্তু কোনোরকম অনিয়ম বরদাস্ত হবে না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ