সংবাদদাতা, হলদিয়া: রবিবার চৈতন্যপুরে হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৩৪তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। আরবান কো-অপারেটিভের চৈতন্যপুর মূল অফিসের সভাঘরে এদিনের সভায় সমবায়ের পরিচালন পর্ষদের চেয়ারম্যান তুষারকান্তি মণ্ডল, সেক্রেটারি হাসিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলোকরঞ্জন দাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ওই সমবায় পরিচালন পর্ষদে ১২জন সদস্য রয়েছেন। চৈতন্যপুর মূল অফিস ছাড়াও মহিষাদল, বাবুরহাট, সুতাহাটায় তিনটি শাখা রয়েছে। ওই সমবায় হলদিয়া মহকুমা এলাকায় নন্দীগ্রাম পর্যন্ত কাজ করে। আরবার কো-অপারেটিভ পরিচালন পর্ষদের চেয়ারম্যান বলেন, সমবায়ে একসময় নির্বাচন না হওয়ার কারণে অচলাবস্থা চলছিল। নির্বাচনের পর নতুন বোর্ড এসে হাল ধরেছে। এদিন তারাই মিটিং করে নিজস্ব ব্যাঙ্কিং ব্যবস্থাকে কীভাবে আরও জনমুখী করা যায় এবং আয় বাড়ানো যায় সেবিষয়ে আলোচনা করেছি। ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে এই মিটিং করা হয়েছে। ব্যাঙ্কে গোল্ড লোন চালু রয়েছে। এছাড়াও আমানতকারীদের সুদ সহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়েছে এদিনের সভায়। আলোচনায় হলদিয়ার দুর্গাচক ও নন্দীগ্রামে নতুন দু’টি শাখা খোলার অনুমতি দিয়েছেন সদস্যরা। আরবান কো-অপারেটিভের সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র



