নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, কাঁথি: বিপুল সাড়া। উত্তরবঙ্গ থেকে দীঘার বাসে এক সপ্তাহেই এনবিএসটিসি’র আয় ৬ লক্ষাধিক টাকা। পুজোর মরশুমে এই আয় দ্বিগুণ হবে বলে আশা নিগমের। তার জেরেই যাত্রীদের আবেদনে সাড়া দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত বাসভাড়ায় ছাড় চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উত্তরের বিভিন্ন শহর থেকে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার জন্য শীঘ্রই আরও ছ’টি এসি ভলভো স্লিপার বাস নামানোর ইঙ্গিত নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের। এনবিএসটিসি’র এই উদ্যোগে উত্তরবঙ্গের পাশাপাশি খুশি দীঘার সমুদ্রপাড়ের বাসিন্দারাও। নয়া বাস পরিষেবায় উত্তরবঙ্গবাসী যেমন সরাসরি দীঘায় পৌঁছে যেতে পারছেন, তেমনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদেরও পাহাড় ও ডুয়ার্সে ঘুরতে যাওয়া সহজ হয়ে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৈকতনগরী দীঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দির এখন রাজ্যবাসীর অন্যতম ডেস্টিনেশন। দেশ-বিদেশের পর্যটকরাও মন্দির দর্শনে আসছেন। কিন্তু উত্তরবঙ্গ থেকে দীঘায় যাওয়ার এতদিন তেমন কোনও সুবিধা ছিল না। নামে একটি সাপ্তাহিক ট্রেন চালু থাকলেও তাতে মেলে না টিকিট। একথা মাথায় রেখেই উত্তরের বাসিন্দারা যাতে সহজে জগন্নাথ মন্দির দর্শনে যেতে পারেন, সেজন্য সম্প্রতি ৬টি বাতানুকূল ভলভো বাস চালু করেন মুখ্যমন্ত্রী। বাস চালু হতেই লাভের মুখ দেখতে শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
শনিবার নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, উত্তরবঙ্গের ছ’টি শহর থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত ৬টি এসি ভলভো চলছে। এক সপ্তাহেই আমরা ৬ লক্ষাধিক টাকা আয় করেছি। তাঁর দাবি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে ছাড়া বাসে প্রতি ট্রিপে (যাওয়া-আসা) লক্ষাধিক টাকা আয় হচ্ছে। মালদহ ও রায়গঞ্জ থেকে দীঘার বাসে প্রতি ট্রিপে আয় হয়েছে গড়ে ৮০ হাজার টাকা। পুজোর মরশুমে চাহিদা আরও বাড়বে বলেই মনে করছি। যাত্রী স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখতে বাসে চেপে শুক্রবার দীঘায় পৌঁছন এনবিএসটিসি’র চেয়ারম্যান। যাত্রীদের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন নিগমের নতুন টিকিট কাউন্টার।
পরে সাংবাদিক বৈঠকে পার্থপ্রতিমবাবু বলেন, পাহাড় থেকে সমুদ্র, যাত্রী পরিবহণকে এক সরলরেখায় যুক্ত করে মোড় ঘুরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যান বলেন, বাসভাড়ায় ছাড়ের সময়সীমা যাতে বাড়ানো হয়, তা নিয়ে যাত্রীদের কাছ থেকে আবেদন আসছে। আগামী ডিসেম্বর পর্যন্ত ওই ছাড় চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। আমরা শীঘ্রই ছ’টি অত্যাধুনিক এসি স্লিপার বাস পাব। সেগুলিকেও উত্তরবঙ্গ থেকে দীঘা চালানো হবে।-ফাইল চিত্র