• বাতাসে শরতের আমেজ। চারদিকে পুজো পুজো গন্ধ। শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠতে প্রস্তুত বাঙালি। জিম থেকে মেকআপ পার্লার, বাড়ি হোক বা স্যালোঁ— নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে ব্যস্ততা চতুর্দিকে। পুজোর আগে আপনার নতুন লুক নিয়ে যেমন ভাবছেন, ঘরকেও তো নতুন ভাবে সাজাতে হবে। তার জন্য অতিরিক্ত টাকা খরচের প্রয়োজন নেই অবশ্য। পুরানো জিনিস বাতিল করে, ঘরের বোঝা সামান্য হালকা করলেই নতুন ভাবে সাজিয়ে তুলতে পারেন ঘরকে। কীভাবে? চলুন কয়েকটি উপায় জেনে নেওয়া যাক।
• জামাকাপড়ের ভিড়: পুজোর আগে নতুন জামাকাপড় কেনাই রীতি। সেই রীতি মানতে গিয়ে চাপ বাড়ে আলমারির। ডাঁই হয়ে থাকা আলমারিতে স্তূপাকৃতি হয়ে পড়ে থাকে পুরানো জামাকাপড়। খানিক হাতড়ালেই খুঁজে পাবেন এমন পোশাক, যা বছরের পর বছর পড়ে রয়েছে আপনার আলমারিতে, অথচ আপনি পরেন না। জায়গা দখল করে থাকা ব্যবহারযোগ্য সেই পোশাকগুলি বরং এবার কাউকে দিয়ে দিন। এতে আপনার আলমারির বোঝা কমবে, আবার অন্য কারও উপকারও হবে।
• বৈদ্যুতিন দ্রব্যের কথা: বাড়ির বৈদ্যুতিন জিনিসটি কি দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে? তাহলে সেটিকে বদল করার কথা ভাবতে পারেন এই পুজোতেই। পুজোর সময় অনলাইন বা অফলাইনে বিভিন্ন অফার পাবেন, তাতেই কিনে নিন নতুন জিনিস। পুরানোটি সারাতে টাকা খরচের চেয়ে ছাড়ে নতুন কিনে নেওয়াই শ্রেয় নয় কী! এখন অনেক জায়গায় এক্সচেঞ্জ অফারও পাওয়া যায়। অর্থাৎ আপনার বাড়ির পুরানো জিনিসটি দিয়ে নতুন জিনিস কিনতে পারেন। তাহলে পুরানো জিনিসটি বাতিল করাও হল, আবার নতুন জিনিসও ঘরে এল।
• কাগজপত্রের হিসাব: ঘর জুড়ে এমন অনেক কাগজপত্র থাকে, যা অপ্রয়োজনীয়। ধরা যাক, পুরানো খবরের কাগজ বা শেষ হয়ে যাওয়া খাতা। প্রয়োজনীয়গুলি বাদ দিয়ে অদরকারি কাগজপত্র বিক্রি করে দিতে পারেন পুজোর আগেই।
• পুরানো প্রসাধনীর বোতল: সম্পূর্ণ খালি প্রসাধনীর বোতল, বাড়িতে জমে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধের শিশি, প্যাকেট জমিয়ে রাখবেন না। এতে ঘরের সৌন্দর্য কমে। এগুলি ফেলে দেওয়াই শ্রেয়। রান্নাঘরের দীর্ঘদিন ব্যবহার না হওয়া সরঞ্জামও বাতিল করুন। আবার কালি শেষ হয়ে যাওয়া পেন, পুরানো ফাইল, অপ্রয়োজনীয় ফোল্ডারগুলিও বিক্রি করে দিতে পারেন।
• কখনো কাজে লাগবে: অপ্রয়োজনীয় জিনিস ঘরে জমে থাকার নেপথ্যে থাকে এক মানসিকতা— ‘ভবিষ্যতে কাজে লাগতে পারে।’ কিন্তু কবে কাজে লাগবে, তার হিসাব মেলে না। বছরের পর বছর সেই জিনিসও আর ফেলা হয় না। তাই কোনো জিনিস যদি এক থেকে দু’বছর ব্যবহার না হয়ে থাকে, তা বাতিল করুন।
• যেখানে সেখানে ফেলা নয়: পুরানো জিনিস বাতিল করে যেখান-সেখানে ফেলে দেবেন না। এতে পরিবেশের ক্ষতি হয়। পুরানো কাচের বোতল, আসবাব, কাপড় অনেক সময় পুনর্ব্যবহার করা যায়। সেভাবে ব্যবহার করতেই পারেন। এতে বর্জ্যের পরিমাণ কমে। তবে একান্তই যদি পুরানো জিনিস ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে পুরানো জিনিস কেনে এমন দোকানে বিক্রি করে দিন।
পুরানো জিনিস বাতিল করলে ঘরে অনেক ফাঁকা জায়গা পাবেন। নতুন করে সাজাতে পারবেন সেই জায়গাগুলি। এতে পুজোর আগে আপনার ঘরও পাবেন নতুন লুক।
শান্তনু দত্ত



