নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ঘরের ভিতরে বিছানা পর্যন্ত নোংরা জল। অলিগলিতে জল জমে থাকায় বন্ধ স্বাভাবিক যাতায়াত। বাড়িতে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। বাধ্য হয়ে ভেলায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে। প্রায় তিন মাস ধরে এমনই জল যন্ত্রণায় নাজেহাল শিবপুর বিধানসভা কেন্দ্রের কোনা খালিয়া এলাকার বাসিন্দারা। বারবার প্রশাসনের কাছে সমস্যার কথা জানিয়েও স্থায়ী সমাধান না হওয়ায় সোমবার ক্ষোভে বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, শুধু রাস্তা বা অলিগলি নয়, বহু বাড়ির ভিতরেও দীর্ঘদিন ধরে জমে রয়েছে নোংরা জল। কোথাও জল বিছানা পর্যন্ত উঠে গিয়েছে। সেই অবস্থাতেই সংসার চালাতে হচ্ছে বাসিন্দাদের। জলমগ্ন রাস্তায় স্কুলপড়ুয়া থেকে নিত্যযাত্রী, সকলেরই চলাচলে চরম সমস্যা হচ্ছে। শিশুদের স্কুলে যাওয়া কার্যত বন্ধ হয়ে গিয়েছে। একইসঙ্গে জমা জলের কারণে এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। ইতিমধ্যেই চার বাসিন্দাকে সাপে কামড়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের আরও অভিযোগ, দিনের পর দিন নোংরা জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়ির দরজা থেকে বেরনোই এখন কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে পড়ে গিয়ে আহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দা শিখা মাইতি ও ঝর্ণা সরকার বলেন, ‘প্রায় তিন মাস ধরে এই দুর্বিষহ অবস্থা। সরকার শুধু বদল হচ্ছে। নতুন নতুন জনপ্রতিনিধি এসে দুর্ভোগ মেটানোর কথা বলছেন। কিন্তু বাস্তবে কিছুই কাজ হচ্ছে না।’ তাঁদের অভিযোগ, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। অ্যাম্বুলেন্স এলাকায় ঢুকতে পারে না। এমনকি, গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। রোগীকে ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে। তাঁদের দাবি, দ্রুত জল নামানোর পাশাপাশি নিকাশিনালা পরিষ্কার এবং জল বেরনোর স্থায়ী ব্যবস্থা করতে হবে। না হলে বর্ষা শেষ হলেও এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।
এদিন বেনারস রোড অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। পুলিশের সঙ্গে বাসিন্দাদের আলোচনা হয়। প্রায় ঘণ্টাখানেক বাদে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। তবে সাময়িকভাবে জল সরানো নয়, নিকাশি ব্যবস্থার স্থায়ী সংস্কার করে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।