নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের টাকায় কেনা বহু সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের যন্ত্রপাতির অংশবিশেষ খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমনও জানা যাচ্ছে, বেশকিছু জায়গা থেকে এগুলি চুরিই গিয়েছে। সেজন্য বহু হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে যন্ত্রপাতি ইনস্টল করা যাচ্ছে না। চালু করা যাচ্ছে না। যেসব হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে এইসব যন্ত্রপাতির অংশ চুরি গিয়েছে বা খুঁজেই পাওয়া যাচ্ছে না, তারা অবিলম্বে এফআইআর করুন। বিভাগীয় কারও গাফিলতি বা দোষ পাওয়া গেলে, চুরি যাওয়া জিনিসপত্রের দাম তাঁর বেতন থেকে মেটাতে হবে। এই মর্মে এক কড়া নির্দেশনামা জারি করল স্বাস্থ্যভবন।
রাজ্যের প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই নির্দেশ পাঠানো হয়েছে। দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টরের এই নির্দেশনামায় এও জানানো হয়েছে, সবসুদ্ধ ৬৪টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে পঞ্চাদশ অর্থ কমিশনের টাকায় কেনা বিভিন্ন যন্ত্রপাতি খুঁজেই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ৫০টি উপ স্বাস্থ্যকেন্দ্র, ১৩টি ব্লক প্রাইমারি হেলথ ইউনিট এবং ১টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কী ধরনের জিনিসপত্র চুরি গিয়েছে, তারও কিছু উল্লেখ করা হয়েছে নির্দেশে। সেগুলি হল একাধিক যন্ত্রের বিভিন্ন ধরনের ব্যাটারি এবং ওয়্যার বক্স। মিশন ডিরেক্টর ওই নির্দেশে সিএমওএইচদের সতর্ক করে জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে পাঠানো যন্ত্র নিয়ম মেনে সুরক্ষিতভাবে রাখা সুনিশ্চিত করতে হবে। যেসব জায়গায় চুরি হয়েছে, প্রতিটি হাসপাতালকে এফআইআরের কপি, হাসপাতালের নাম, ঘটনার বিবরণ, কবে হয়েছে, কার অধীনে যন্ত্রটি ছিল প্রভৃতি যাবতীয় তথ্য দপ্তরে দ্রুত জানাতে হবে।