নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-পস যন্ত্রের মাধ্যমে রেশনের খাদ্যশস্য দেওয়ার সময় চোখের মণি (আইরিস) স্ক্যান করে গ্রাহকের আধার নম্বর যাচাই করতে নির্দেশ দিয়েছে খাদ্যদপ্তর। এই পদ্ধতি কাজ না করলে তখন আঙুলের ছাপ বা অন্য কোনো পদ্ধতিতে আধার যাচাই করতে হবে। গ্রাহকের আধার নথিভুক্ত মোবাইলে আসা ওটিপি’র মাধ্যমে তা যাচাই করা হয়। খাদ্যদপ্তরের সচিব জেলাগুলির খাদ্য নিয়ামক ও বিধিবদ্ধ রেশনিং এলাকার যুগ্ম অধিকর্তাদের যে চিঠি পাঠিয়েছেন, তাতে উল্লেখ করা হয়েছে, আইরিস স্ক্যানের মাধ্যমে খুব কম গ্রাহককে রেশন দেওয়া হচ্ছে। গত দু’-তিন মাস ধরে দেখা যাচ্ছে, এই সংখ্যা আরও কমছে। তাই প্রথম পছন্দের ক্ষেত্রে আইরিস স্ক্যানকেই প্রাধান্য দিতে হবে। যে গ্রাহকের এটি কাজ করবে না, তাঁদের ক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হবে। কোনো রেশন ডিলার আইরিস স্ক্যানার ব্যবহার করতে না চাইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। খাদ্যদপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আধার যাচাইয়ের ৯৫ শতাংশই আঙুলের ছাপের মাধ্যমে করা হয়। আইরিস স্ক্যান হয় মাত্র ৩ শতাংশের মতো। তাদের দাবি, ৯৯.৯৭ শতাংশ রেশন গ্রাহকের আধার যাচাই হয়।



