সংবাদদাতা, দিনহাটা: আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করলেন দিনহাটার ছেলে সৌরভ সাহা। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের বার্মিংহ্যামে বসেছিল ২১তম বিশ্ব পুলিস ও অগ্নিনির্বাপণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর আসর। সেখানে দেশের হয়ে ৪x৪০০মিটার রিলে রেসে অংশ নিয়ে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন সৌরভ। তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় ভারত। ঘরের ছেলের এই সাফল্যে খুশি দিনহাটার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শুক্রবার এই রিলে রেস ছিল। প্রতিযোগিতা শেষে আয়োজকদের হাত থেকে ব্রোঞ্জপদক পেয়ে চোখ ছলছল সৌরভের। ভারতের হয়ে এই প্রতিযোগিতায় অন্যতম দৌড়বিদ ছিলেন তিনি।
সৌরভ বলেন, এটা শুধু পদক জেতার লড়াই নয়, ভারতের সম্মান রক্ষার দৌড়ও ছিল। বিশ্বের তাবড় প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা পদক জয় করেছি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমি গর্বিত, কারণ দেশের হয়ে এই অবদান রাখতে পেরেছি।
প্রতিযোগিতা শেষে ভারতের প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়। সৌরভের হাতে ভারতের পতাকা ও গলায় ব্রোঞ্জ পদক দেখে আবেগে ভেসেছেন দিনহাটার মানুষ। এই সাফল্যের শিকড় রয়েছে দিনহাটার গোপালনগর এম এম এস উচ্চ বিদ্যালয়ের মাঠে। বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ার সময় সকালের অনুশীলনে চন্দন সেনগুপ্তর চোখে পড়েন সৌরভ। এদিন চন্দনবাবু বলেন, সেই সময়ই বুঝেছিলাম, এই ছেলে দৌড়ে একদিন বিশ্বমঞ্চে পৌঁছবে। সেটা সত্যি হয়েছে।
পরবর্তীতে শিলিগুড়ির সাই কেন্দ্রে দু’বছরের প্রশিক্ষণের পর স্পোর্টস কোটায় বিএসএফ-এ চাকরি পান সৌরভ। অল ইন্ডিয়া পুলিস প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের পথে চলতে চলতে এবার পৌঁছে যান আন্তর্জাতিক মঞ্চে।
দিনহাটার ক্রীড়ামহল, বিদ্যালয়, পরিবার ও সাধারণ মানুষ এই সাফল্যে ভীষণ আনন্দিত ও গর্বিত। দিনহাটা শহরের মানুষরা বলছেন, সৌরভ প্রমাণ করলেন, প্রান্তিক গ্রাম থেকেও বিশ্বজয় সম্ভব। যদি থাকে আত্মবিশ্বাস ও পরিশ্রম করার ইচ্ছা।