সংবাদদাতা, দিনহাটা: পানীয় জলের সমস্যাকে ঘিরে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। বসানো হয়েছে পাইপলাইন, অথচ জল নেই। বহুবার লিখিত অভিযোগ জমা দেওয়া সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। শনিবার দুপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদার গ্রামে প্রবেশ করতেই ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাধাজি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬০০টি পরিবারের বসবাস এই গ্রামে। বেশ কয়েক মাস আগে জল প্রকল্পের আওতায় পাইপ বসানোর কাজ শুরু হলেও আজও পানীয় জল মেলেনি। ফলে প্রতিদিনই দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে মহিলাদের। অনেকে আবার টাকার বিনিময়ে কিনে আনছেন পানীয় জল।
শনিবার ওই এলাকায় পৌঁছন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী ইঞ্জিনিয়ার জুল আলি ও সংশ্লিষ্ট ঠিকাদার মনোরঞ্জন সরকার। তাঁদের দেখতে পেয়েই ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চলে স্লোগান, প্রশ্নের মুখে পড়তে হয় আধিকারিক ও ঠিকাদারকে। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন তাঁরা। পরে স্থায়ী সমাধানের আশ্বাস দিলে তাঁদের ছেড়ে দেন বাসিন্দারা।
বিক্ষোভকারীদের তরফে স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন বলেন, মাসের পর মাস কেটে যাচ্ছে, অথচ পাইপলাইন দিয়ে এক ফোঁটা জল আসছে না। আমাদের অভিযোগের জবাব কেউ দেয় না। এদিন আমরা বাধ্য হয়েই বিক্ষোভ দেখিয়েছি। ঠিকাদার মনোরঞ্জন সরকার বলেন, এখানে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য পাইপলাইন সেকশন করা যায়নি। খুব শীঘ্রই কাজ শুরু হবে। একবার সেকশন হয়ে গেলে জলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। নিজস্ব চিত্র।