Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনাজপুরের গমীরা কলকাতার থিয়েটারে, উচ্ছ্বসিত মুখাশিল্পীরা

দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা’ মুখা সংস্কৃতি এবার উপস্থাপিত হবে মহানগরীর থিয়েটারের মঞ্চে। ‘আঙিনা জুড়ে ভোর’ নাটকের মধ্যে দিয়ে ফুটে উঠবে মুখা সংস্কৃতির ইতিহাস।

দিনাজপুরের গমীরা কলকাতার থিয়েটারে, উচ্ছ্বসিত মুখাশিল্পীরা
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা’ মুখা সংস্কৃতি এবার উপস্থাপিত হবে মহানগরীর থিয়েটারের মঞ্চে। ‘আঙিনা জুড়ে ভোর’ নাটকের মধ্যে দিয়ে ফুটে উঠবে মুখা সংস্কৃতির ইতিহাস। ইতিমধ্যে মাঙ্গলিকা মুখা দলের সদস্যরা অনীক নাট্যসংস্থার সঙ্গে কলকাতায় কর্মশালা সম্পন্ন করেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর প্রথম কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকটি। উদ্দেশ্য, দিনাজপুরের লুপ্তপ্রায় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করে মানুষের সঙ্গে পরিচিতি করানো। 

Advertisement

কিছুদিন আগে ‘ভামিনী’ ছবিতে গমীরা মুখা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। এবার সেই গমীরা পা রাখতে চলেছে থিয়েটারে। ড. গৌরব দাসের পরিচালনায় এবং কলকাতার অনীক নাট্যসংস্থার উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর মঞ্চস্থ হতে চলেছে ‘আঙিনা জুড়ে ভোর’। ইতিমধ্যে নাটকের পোস্টার বেরিয়েছে। এই নাটকে শুধু গমীরা মুখা সংস্কৃতি নয়, সঙ্গে উঠে আসবে দিনাজপুরের ধোকরা শিল্প, খন পালাগান, রাজবংশী সমাজের সংস্কৃতি। 
অনীক নাট্য দলের সম্পাদক অরূপ রায়ের কথায়, লুপ্তপ্রায় গমীরা সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের কাজ মানুষের সামনে তুলে ধরাটা আমাদের দায়িত্ব। উত্তরের লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
সম্প্রতি নাট্যদলটির সঙ্গে কর্মশালায় অংশ নিয়েছিলেন ইটাহারের মাঙ্গলিকার কর্ণধার তথা ইটাহার হাইস্কুলের শিক্ষক অভিজিৎ চৌধুরী, মুখাশিল্পী আসারু সরকার, অজিত সরকার, সানাই বাদক নিমাই বৈশ্য, ঢাক বাদক দুলাল বৈশ্যরা। 
নাটকের পরিচালক গৌরব দাসের নেতৃত্বে একটি দল ইটাহারেও আসে। তারা মাঙ্গলিকা দলকে নিয়ে কিছুদিন ধরে দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘুরে গমীরা সংস্কৃতির উপর গবেষণাও করে। যাতে এই সংস্কৃতিকে নাটকে ভালোমতো রূপ দেওয়া যায়। পরিচালক গৌরব দাস জানান, দিনাজপুরের আঙিনা থেকে উঠে আসা মুখাশিল্পকে থিয়েটারের মঞ্চে তুলে ধরতে পারলে শিল্পীরা নতুন জীবন পাবেন। গমীরা মুখা সংস্কৃতি বিশ্বের দরবারে পরিচিতি লাভ করুক, এটাই আমরা চাই। 
অভিজিৎ বলেন, থিয়েটারে এই প্রথম গমীরা মুখা শিল্প উপস্থাপিত হতে যাচ্ছে। রাজ্য সহ বিশ্বের মানুষ গমীরা মুখা সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন। এতে গর্বিত অভিজিত্। কারণ, দিনাজপুরের এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে মাঙ্গলিকা মুখা দল গড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ