শিবাজী চক্রবর্তী, কলকাতা: গত মরশুমে তারকাখচিত দল গড়েও প্রত্যাশিত সাফল্য পায়নি মোহন বাগান। এবার আরও শক্তিশালী স্কোয়াড তৈরিতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। পেত্রাতোস, কামিংসদের ছেঁটে ফেলে নতুন সেট তৈরিতে নজর থিঙ্কট্যাঙ্কের। কোচের দৌড়ে নিশ্চিত পাঞ্জাব এফসি’র ডিম্পেরিস প্যানাজিওটিস। গ্রিক কোচের দল আইএসএলে বেশ নজর টেনেছে। তাঁর ইন্টারভিউও সারা। একটা সময় মুম্বই এফসি’র কোচ পিটার ক্র্যাটকির সঙ্গেও কথা চালাচ্ছিল সবুজ-মেরুন টিম-ম্যানেজমেন্ট। গতবার মাঝমাঠে প্লে-মেকারের অভাবে ভুগতে হয়েছে মোহন বাগানকে। ব্রাজিলিয়ান মিগুয়েলের সবুজ-মেরুন জার্সি পরা সময়ের অপেক্ষা। পাঞ্জাব এফসি’র জেলজোকোভিচ ও এফসি গোয়ার উইং হাফ ড্রাজিচ চূড়ান্ত। অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডার রাহুল ভেকেও নৌকা ভিড়িয়েছেন গঙ্গাপাড়ের ক্লাবে। জাতীয় দলের আরও এক ফুটবলারের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের।
অন্যদিকে, কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে ইস্ট বেঙ্গল। দ্রুত ইনভেস্টর জোগাড়ে মরিয়া কর্তারা। কোচ হিসাবে আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে জোরকদমে কথা চলছে। সূত্রের খবর, হাবাসকে লাল-হলুদের তরফে চুক্তিপত্রও পাঠানো হয়েছে। এবার তাঁর সইয়ের অপেক্ষায় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। সামান্য দু’-একটা ক্লজ নিয়ে ঐক্যমত হলেই হাবাসের সই করার কথা। তবে ইস্ট বেঙ্গল কর্তাদের মুখে কুলুপ। আসলে সের্গিও লোবেরা ইস্যু থেকে শিক্ষা নিয়ে অনেক সতর্ক ইস্ট বেঙ্গল। না আঁচালে বিশ্বাস নেই। গতবার অস্কার ব্রুজোঁর কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মশালবাহিনী। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই অস্কার জানিয়েছিলেন, মরশুম শেষে দল ছাড়বেন তিনি। স্প্যানিশ কোচ সিদ্ধান্ত পালটাননি। ইন্দোনেশিয়ার একটি ক্লাব ছাড়াও এফসি গোয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে। তবে এবার গোয়ার বাজেট কম। গৌরমাঙ্গি সিংও তাদের পরিকল্পনার অঙ্গ। অন্যদিকে, প্ল্যান ‘বি’ হিসাবে বরাবরই হাবাসকে চেয়েছেন লাল-হলুদ কর্তারা। এবার দ্রুত ডিল ক্লোজ করতে মরিয়া তারা।
ব্রাজিলিয়ান মিগুয়েল দল ছাড়ার পর পাঞ্জাব এফসি’র স্প্যানিশ মিডিও দানি রামিরেজকে সই করানো হয়েছে। বরিস সিং, দানিশ ফারুখ, সন্দীপ মান্ডিও লাল-হলুদ জার্সি পরবেন। লালচুংনুঙ্গার চুক্তি নবীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। একজন ভারতীয় ডিফেন্ডার ছাড়াও উইং হাফের দিকে নজর রয়েছে। বিদেশি স্লটে পুরোটাই নতুন কোচের উপর নির্ভরশীল। তবে আর্জেন্তাইন ডিফেন্ডার কেভিন সিবলে এখনও সই করেননি। এফসি গোয়ার সাহিল তাভোরা, আব্দুল রবির নাম তালিকায় থাকলেও চূড়ান্ত হয়নি কিছুই। দল গঠনের পাশাপাশি দ্রুত ইনভেস্টর জোগাড়েও মরিয়া কর্তারা।