নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার ডায়মন্ডহারবার এফসি’র মুখোমুখি হবে মোহন বাগান। গ্রুপ সেরা হয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে পৌঁছতে এই ম্যাচ জিততেই হবে হোসে মোলিনা ব্রিগেডকে। কারণ গোল পার্থক্যে এই মুহূর্তে এগিয়ে কিবু ভিকুনার ছেলেরা। তাই শনিবার ড্র করলেই গ্রুপ শীর্ষে থেকে নক-আউটে পৌঁছবে ডায়মন্ডহারবার। সেক্ষেত্রে মোহন বাগানকে নক-আউটের টিকিট নিশ্চিত করতে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে। তবে কোনওরকম অঙ্কের লড়াইয়ের পথে না হেঁটে সরাসরি শেষ আটের টিকিট নিশ্চিত করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। তাই পূর্ণশক্তির দল নিয়েই শনিবার লড়াই নামবে মোলিনা-ব্রিগেড। ইতিমধ্যেই বিএসএফ ম্যাচের দু’টি অর্ধে টম আলড্রেড ও আলবার্তো রডরিগেজকে খেলিয়েছেন স্প্যানিশ কোচ। মঙ্গলবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। এবার সবুজ-মেরুন অনুরাগীদের স্বস্তি জুগিয়ে বৃহস্পতিবার মাঝরাতে শহরে পা রাখছেন দিমিত্রি পেত্রাতোস। শুক্রবার অনুশীলনে যোগ দেবেন তিনি। ফলে কোচ চাইলে শনিবার ম্যাচে তাঁকেও ব্যবহার করতে পারবেন।



