Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘দিমি ইজ ব্যাক’, বার্তা ফুরফুরে অজি তারকার

হাতকাটা প্র্যাকটিস জার্সি থেকে বেরিয়ে থাকা ডেলটয়েডের একটু নীচে আইএসএল ট্রফির ট্যাটু।

‘দিমি ইজ ব্যাক’, বার্তা ফুরফুরে অজি তারকার
  • ৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতকাটা প্র্যাকটিস জার্সি থেকে বেরিয়ে থাকা ডেলটয়েডের একটু নীচে আইএসএল ট্রফির ট্যাটু। তাতে হাত বোলাতে বোলাতে কাঁধ দুলিয়ে টানেল দিয়ে বেরোচ্ছিলেন দিমিত্রি পেত্রাতোস। সমর্থকদের জয়ধ্বনি শুনে ভিকট্রি সাইনের সঙ্গে চোখের দুষ্টুমি ভরা ইশারা অজি তারকার। তারপর সতীর্থদের দিকে ফিরে হুঙ্কার, ‘দিমি ইজ ব্যাক’। তালির আওয়াজে দিমিত্রিকে স্বাগত জানালেন লিস্টন, আপুইয়ারাও।

Advertisement


শনিবার সকালে শহরে পা রেখেছেন। আর সোমবার বিকেলে ঘরের মাঠে বল পায়ে প্রস্তুতিতে নেমে পড়লেন অজি অ্যাটাকার। গত মরশুমে ছন্দে ছিলেন না দিমি। চলতি মরশুমের শুরুতেও অতীতের ছায়া হয়েই ঘুরে বেড়িয়েছেন। তার উপর বাড়তি ওজন। ফিটনেসে ডাহা ফেল। কিন্তু বিরতির পর ধরা দিলেন অন্য মেজাজে। মেদ ঝরিয়ে দিমিত্রি এখন ‘স্লিম অ্যান্ড ট্রিম।’ বোঝা গেল, নতুন কোচ সের্গিও লোবেরার অধীনে পুরনো ছন্দে ফিরতে মরিয়া তিনি। অনুশীলন শেষে তাই দিমির উদ্দেশ্যে জেসন কামিংসের সরস মন্তব্য, ‘দেখেছ ওকে? দারুণ ফিট হয়ে ফিরেছে।’


সপ্তাহের প্রথম দিনের প্রস্তুতিতে কোচ লোবেরার অনুপস্থিতি প্রসঙ্গে নিরুত্তর ম্যানেজমেন্ট। ভিসা এখনও হাতে পাননি স্প্যানিশ কোচ। তাই ভরা সংসারে গরহাজির প্রধান অভিভাবক, থুড়ি কোচ লোবেরা। আপাতত সহকারীরদের তত্ত্বাবধানেই চলছে অনুশীলন। ফিটনেসে বাড়তি গুরুত্ব দেওয়ার পাশাপাশি বল পায়ে বিভিন্ন ড্রিল করলেন মনবীর, ম্যাকলারেনরা। এরপর মাঠ ছোট করে চলল সিচুয়েশন প্র্যাকটিস। অনুশীলন শেষে দীর্ঘক্ষণ স্পটকিক নিতে দেখা গেল দিমিত্রি ও কামিংসকে। আর রবসন ব্যস্ত থাকলেন বাড়তি দু’ল্যাপ দৌড়তে।

Advertisement
সম্পর্কিত সংবাদ