নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘড়ির কাঁটায় তখন সাড়ে তিনটে। দুই সহকারীকে সঙ্গে নিয়ে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। কয়েক মিনিটের ব্যবধানে একে একে পা রাখলেন ফুটবলাররা। বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় দলের অনুশীলন দেখতে হাজির প্রায় শ’পাঁচেক লাল-হলুদ অনুরাগী। সাম্প্রতিক কালে ইস্ট বেঙ্গল অনুশীলনে এরকম উন্মাদনা চোখে পড়েনি। আসলে আইএসএলে দলের টানা ব্যর্থতায় রীতিমতো বিরক্ত ছিলেন সমর্থকরা। তাই অনুশীলনেও তাঁদের খুব একটা দেখা মিলত না। তবে যাবতীয় ব্যর্থতা ভুলে নতুন মরশুমে ভালো ফলের আশার বুক বাঁধছেন অনুরাগীরা। রবিবারের অনুশীলনে সেই আভাসই মিলল।
একই সঙ্গে ডুরান্ড কাপের সূচি নিয়ে থাকছে চাপা অসন্তোষও। কলকাতার তিন প্রধানের মধ্যে সবার আগে মাঠে নামবে ইস্ট বেঙ্গল। আর তাতেই উঠছে প্রশ্ন। অতীতে আইএসএলের সূচি নিয়ে একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। এবার ডুরান্ড কাপেও সেই একই চিত্র। প্রথম ম্যাচের আগে মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন কোচ অস্কার। ফলে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলার পর্যাপ্ত সময়টুকুও পাবেন না স্প্যানিশ কোচ। তবে কোনওরকম কালবিলম্ব না করে প্রথমদিনেই পুরোদমে অনুশীলন সারলেন তিনি। প্রায় দু’ঘণ্টার প্রস্তুতিতে প্রথমে ফিজিক্যাল ট্রেনিং, তারপর তিনটি গ্রুপে ভাগ করে চলল ম্যাচ প্র্যাকটিস।
শুক্রবার মধ্যরাতে কোচের সঙ্গে কলকাতায় পা রেখেছিলেন লাল-হলুদের নবাগত বিদেশি ডিফেন্ডার কেভিন সিবলে। আর ২৪ ঘণ্টা বাদে আসেন আরও দুই বিদেশি মিগুয়েল ফিগুয়েরা ও সাউল ক্রেসপো। রবিবার তাঁরা তিনজনেই দলের সঙ্গে যোগ দেন। তবে কেউই বল পায়ে মাঠে নামেননি। সতীর্থদের সঙ্গে পরিচিতি পর্ব সেরেই মাঠ ছাড়েন তাঁরা। সূত্রের খবর, মেডিক্যাল পরীক্ষা হয় এই তিন বিদেশির। সোমবার প্রস্তুতিতে নামবেন তাঁরা। এছাড়া হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে শৌভিক চক্রবর্তীর। এদিন ফিজিওর সঙ্গে আলাদাভাবে ট্রেনিং করলেন এই বঙ্গ মিডিও। বাকিরা পুরোদমেই প্রস্তুতি সারলেন।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের সামনে সাউথ ইউনাইটেড। ইঙ্গিত মিলছে, দুই বিদেশি দিমিত্রিয়স দিয়ামানতাকোস ও মহম্মদ রশিদকে রেখেই দল সাজাতে পারেন কোচ অস্কার। দ্বিতীয় ম্যাচের আগে ১৩ দিন সময় পাবেন লাল-হলুদ কোচ। সেই সময়ের মধ্যে বাকিদের ম্যাচ ফিট করে নিতে চাইবেন তিনি। এদিন দলের প্র্যাকটিস দেখতে হাজির ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। অনুশীলন শেষে কোচের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন তিনি। আর মাঠ ছাড়ার আগে অস্কার জানান, ‘প্রথম ম্যাচের আগে সময় কম। সবে দলের প্রস্তুতি শুরু হয়েছে। গতবারের তুলনায় এবার দল অনেকটাই ভালো।’ তবে কাগজে কলমে শক্তিশালী হলেই হবে না। প্রয়োজন মাঠের পারফরম্যান্স। অস্কার কি ফুটবলারদের থেকে তা বের করে আনতে পারবেন? সমর্থকরা যথারীতি আশাবাদী।