মুম্বই: ইংল্যান্ডে পঞ্চম টেস্টের আগে ওভালে কিউরেটর লি ফর্টিসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। সেই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটের ম্যাথু হেডেন বলেছিলেন, ভারতীয় কোচের থেকে আরও কিছুটা ভদ্র আচরণ প্রত্যাশিত ছিল। আর তাতে চটেছেন বেঙ্গসরকার। প্রাক্তন অজি তারকাকে ভণ্ড বলে তিরস্কার করেছেন কর্নেল।
আসলে ওভাল টেস্টের আগে গম্ভীরকে আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে বলেছিলেন কিউরেটর। তাতে রেগে যান গম্ভীর। পাল্টা ভারতীয় কোচ বলেন, ‘আমাদের কী করতে হবে, সেটা বলার অধিকার নেই তোমার। তুমি একজন মাঠকর্মী মাত্র। তার চেয়ে বেশি কিছু নয়।’ এই প্রসঙ্গে হেডেন বলেন ‘সিরিজের নির্ণায়ক ম্যাচ ছিল। তাই ভারতীয় দলকে চাপে রাখার চেষ্টা করেছিল ইংল্যান্ডের পিচ কিউরেটর। গম্ভীরের অসন্তোষ অমূলক নয়। তবে ওর থেকে কিছুটা ভদ্র আচরণ প্রত্যাশিত ছিল।’ হেডেনের এমন মন্তব্য ভালোভাবে নেননি বেঙ্গসরকার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের কোচ হিসেবে গম্ভীরের পূর্ণ অধিকার রয়েছে, ভালোভাবে পিচ নিরীক্ষণ করার। কোনও দল ভারতে এলে শুধু কোচ, অধিনায়ক নয়, ক্রিকেটাররাও পিচ দেখে। এমনকী তাদের মিডিয়াও পিচ দেখতে মাঠে ঢুকে পড়ে। তখন তো কেউ বারণ করে না। তাহলে ইংল্যান্ডে নিয়ম আলাদা কেন হবে।’ তাঁর সংযোজন, ‘হেডেন তো অনেক কথা বলেছে। ওর দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে যদি এমনটা হতো, ও কী একই কথা বলতো!’
এদিকে, ওয়ার্কলোডের কারণে যশপ্রীত বুমরাহ ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট খেলেননি। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন বেঙ্গসরকার। কর্নেল বলেন, ‘যশপ্রীত বুমরাহকে আইপিএলে বিশ্রাম দেওয়া যেত। দরকার হলে নির্বাচকের উচিত ছিল মুম্বই ইন্ডিয়ান্সের মালিকের সঙ্গে কথা বলা।’ পাশাপাশি বিরাট কোহলির অবসর প্রসঙ্গেও নির্বাচক প্রধানের সমালোচনা করেছেন তিনি। বেঙ্গসরকার বলেন, ‘বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ইংল্যান্ড সফরে প্রয়োজন ছিল। ওকে নির্বাচকদের বোঝানো উচিত ছিল, যাতে ইংল্যান্ড সফরের পর অবসর নেয়।’