নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, মঙ্গলবার থেকে আরও স্মার্ট, আরও ক্লিন হচ্ছে দীঘা। ৮০০টি হোটেলে কিউআর কোড স্ক্যান করে আবর্জনা সংগ্রহ করা হবে। দীঘাকে ১২টি জোনে ভাগ করে প্রতিটি হোটেল থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করা হবে। ডিএসডিএর পক্ষ থেকে প্রতিটি হোটেলে সবুজ ও নীল রঙের দু’টি করে ডাস্টবিন বালতি দেওয়া হবে। পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথক রাখতে হবে। ৩৬জন কর্মী ওইসব হোটেল থেকে আবর্জনা সংগ্রহ করার পর অত্যাধুনিক মানের তৈরি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে জৈব সার তৈরি করা হবে। আজ, মঙ্গলবার ডিএসডিএ অফিস চত্বরে এই প্রজেক্টের সূচনা হবে। মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, সভাধিপতি উত্তম বারিক, জেলাশাসক পূর্ণেন্দু মাজী, বিধায়ক অখিল গিরি উপস্থিত থাকবেন।
পর্যটকদের কাছে দীঘাকে আরও ছিমছাম করার লক্ষ্যে ডিএসডিএ হোটেল থেকে আবর্জনা সংগ্রহ করে জৈব সার তৈরির উদ্যোগ নিয়েছে। প্রকল্পের দায়িত্ব একটি এজেন্সিকে দেওয়া হয়েছে। প্রত্যেক হোটেলে কিউআর কোড থাকবে। আবর্জনা সংগ্রহ করতে যাওয়া কর্মীরা সেই কোড স্ক্যান করবেন। তারফলে হোটেল থেকে আবর্জনা সংগ্রহ করা হল কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে। এজন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। প্রক্রিয়াটি ডিজিটাইজড করা হয়েছে। হোটেলে যাতে জঞ্জাল জমে না থাকে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউ দীঘায় প্রায় ১০একর জমির উপর অত্যাধুনিক মানের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট তৈরি হয়েছে। আবর্জনা সংগ্রহ করার পর ওই প্রজেক্ট এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানেই জৈব সার তৈরি করে বিক্রি করবে এজেন্সি। তার থেকে লভ্যাংশ পাবে ডিএসডিএ। এরফলে দীঘা আরও পরিচ্ছন্ন হয়ে উঠবে। আগামী ৩০এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দীঘার পরিচ্ছন্নতা ও সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জগন্নাথ মন্দির সংলগ্ন জেলা পরিষদের নির্মীয়মাণ গেস্টহাউস চত্বরে পুলিস ক্যাম্প বসানো হয়েছে। হোটেলে পরিচ্ছন্নতায় জোর দিতে একযোগে ৮০০টি হোটেলে জোড়া ডাস্টবিন বালতি দেওয়া হচ্ছে। আবর্জনা সংগ্রহ করবেন ডিএসডিএ নিযুক্ত কর্মীরা।
দীঘায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথধাম উদ্বোধন হতে চলেছে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলাশাসক এই জেলায় সরকারি সব দপ্তরকে নিয়ে মিটিং ডেকেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাদের কী ভূমিকা থাকবে তানিয়ে আলোচনা হবে। বাইরে থেকে প্রচুর অতিথি আসার কথা। এজন্য দীঘায় অনেক হোটেল বুক করবে প্রশাসন। তার আগেই পরিচ্ছন্নতায় জোর দিচ্ছে জেলা প্রশাসন। অপরদিকে, সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে ৪মার্চ এডিজি(ওয়েস্টার্ন) এবং এডিজি(ল অ্যান্ড অর্ডার) দীঘা ভিজিট করেছেন। ৫মার্চ রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার দীঘা ভিজিট করে গিয়েছেন। পুলিস ও প্রশাসনে এখন দীঘা জগন্নাথধাম উদ্বোধনের আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, দীঘার সব হোটেল থেকে আবর্জনা সংগ্রহ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে নিয়ে যাওয়া হবে। এজন্য ডিএসডিএর সঙ্গে একটি এজেন্সির মউ চুক্তি হয়েছে। প্রত্যেকে হোটেলে কিউআর কোড থাকবে। কর্মীরা হোটেলে গিয়ে আবর্জনা সংগ্রহ করার জন্য সেই কোড স্ক্যান করবেন। এভাবে ৮০০টি হোটেল থেকে দৈনিক আবর্জনা সংগ্রহ করা হবে।