সংবাদদাতা,কাঁথি: ইলিশের গন্ধে ম ম করছে দীঘা মোহনা। গত পাঁচ-ছ’দিনে দীঘা সহ বিভিন্ন মৎস্যবন্দর ও মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জালে ২০০ টনের কাছাকাছি রুপোলি শস্য উঠেছে। রবিবারই ৩০ টনের বেশি ইলিশ ধরা পড়েছে। মাছ ধরার মরশুমের শুরুতে ইলিশের খরা ছিল। এই প্রথম এতবেশি ইলিশ উঠল। ঝিরঝিরে বৃষ্টি আর পূবালী হাওয়া ইলিশ ধরার পক্ষে সহায়ক পরিবেশ। শ্রাবণের শেষের দিকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। দীঘা ছাড়াও কাঁথি, রামনগর, বালিসাই সহ বিভিন্ন মাছের বাজার ইলিশে ভরপুর। এত পরিমাণ ইলিশ উঠলেও দামে খুব একটা হেরফের হয়নি। রবিবার মোহনার নিলাম কেন্দ্রের বাজারে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৯০০-৯৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ৭০০ থেকে ৮০০-৯০০ কিংবা এক কেজি ওজনের ইলিশ ১১০০-১১৫০ বা ১২০০ টাকা দর ছিল। এক কেজির উপরে কিংবা ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।



