Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জুরিখে ডায়মন্ড লিগের ফাইনাল, সেরার মুকুট উদ্ধারে চোখ নীরজের

বৃহস্পতিবার ডায়মন্ড লিগের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। ২৭ বছর বয়সি কি পারবেন চলতি মরশুমে আরও একবার জ্যাভেলিন থ্রোয়ে ৯০ মিটারের দূরত্ব পার করতে?

জুরিখে ডায়মন্ড লিগের ফাইনাল, সেরার মুকুট উদ্ধারে চোখ নীরজের
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: বৃহস্পতিবার ডায়মন্ড লিগের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। ২৭ বছর বয়সি কি পারবেন চলতি মরশুমে আরও একবার জ্যাভেলিন থ্রোয়ে ৯০ মিটারের দূরত্ব পার করতে? এবছরই কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছেন ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী। সেজন্যই প্রত্যাশা বাড়ছে।

Advertisement

চলতি মরশুমে চারটি ডায়মন্ড লিগ হয়েছে। তার মধ্যে দু’টিতে অংশ নেন নীরজ। তাতে তাঁর প্রাপ্ত পয়েন্ট ১৫। সেই সুবাদে তিনি ফাইনালে উঠেছেন। ১৬ ও ২২ আগস্ট সিলেসিয়া ও ব্রাসেলস ডায়মন্ড লিগে নীরজ নামেননি। তাতেও চতুর্থ স্থানে থেকে ফাইনালে উঠতে সমস্যা হয়নি। নিয়ম অনুসারে মোট চারটি লিগের পয়েন্ট তালিকায় থাকা প্রথম ছ’জন অংশ নেবেন ফাইনালে। যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি ট্রফি ছাড়াও পাবেন প্রায় ৪৩ লক্ষ টাকা। তাছাড়া পরের মাসে টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ওয়াইল্ড কার্ড এন্ট্রিও মিলবে। তবে ভারতীয় তারকার লড়াই সহজ হবে না। ডায়মন্ড লিগের ফাইনালে নীরজের প্রধান প্রতিদ্বন্দ্বী গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। জার্মানির জুলিয়েন ওয়েবারও বেগ দিতে পারেন। পিটার্স দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে তাঁর সাম্প্রতিক ফর্ম তেমন ভালো নয়। এই মরশুমে পিটার্স সর্বোচ্চ ৮৫.৬৪ মিটার ছুড়তে পেরেছেন। আর সামগ্রিকভাবে মরশুমের সেরা থ্রো এসেছে ওয়েবারের থেকে। ১৬ মে দোহায় তিনি নীরজকে হারান ৯১.০৬ মিটার ছুড়ে। ঘটনাচক্রে সেই আসরেই নীরজ জীবনে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি টপকান। তিনি ছোড়েন ৯০.২৩ মিটার। তবে সেই থ্রো টেকনিক্যালি নিখুঁত ছিল না বলেই জানিয়েছেন ভারতের সোনার ছেলে।
প্যারিস লিগে অবশ্য ৮৮.১৬ মিটার ছুড়ে সোনা জেতেন নীরজ। বেঙ্গালুরুতে ৫ জুলাই এনসি ক্লাসিক ছিল তাঁর শেষ ইভেন্ট। সেখানে নীরজ সোনা জেতেন ৮৬.১৮ মিটার ছুড়ে। বৃহস্পতিবার আরও এক স্বপ্নপূরণের লক্ষ্যে নামবেন তিনি। ২০২২ সালে শেষবার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। ২০২৩ ও ২০২৪ সালে তিনি রানার-আপ হন। এই দু’বার তাঁকে টেক্কা দেন যথাক্রমে জাকুব ভাডলেচ ও অ্যান্ডারসন পিটার্স। ফলে বৃহস্পতিবারের ফাইনালে প্রতিশোধের তাগিদও সঙ্গী হচ্ছে নীরজের।

Advertisement
সম্পর্কিত সংবাদ