Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়ালিসিস ইউনিট, অপারেশন থিয়েটার ও আইসিসিইউ চালু হালিশহর পুর হাসপাতালে

গত বছর উদ্বোধন হয়েছিল হালিশহর পুর হাসপাতালের। এবার সেই হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট, অপারেশন থিয়েটার এবং আইসিসিইউ।

ডায়ালিসিস ইউনিট, অপারেশন থিয়েটার ও আইসিসিইউ চালু হালিশহর পুর হাসপাতালে
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত বছর উদ্বোধন হয়েছিল হালিশহর পুর হাসপাতালের। এবার সেই হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট, অপারেশন থিয়েটার এবং আইসিসিইউ। পাশাপাশি বেডের সংখ্যা ১২ থেকে বেড়ে হল ৫০। রবিবার নতুন সেই পরিষেবার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। এই হাসপাতালে কয়েক মাস আগে চালু হয়েছে ওষুধের দোকান, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। হালিশহরের বাসিন্দাদের খুবই উপকারে লেগেছে ওই ফার্মেসি। গভীর রাতে কারও কোনো ওষুধ লাগলে এই দোকান সহায় হচ্ছে। 

Advertisement


হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানান, আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর চেষ্টায়, বেসরকারি সহযোগিতায় পিপিপি মডেলে গত বছর হাসপাতালটি চালু হয়েছে। বহু মানুষ চিকিৎসা পেয়েছেন এক বছরে। ১২টা বেড এবার বে‌঩ড়ে ৫০ হল। সেই সঙ্গে চালু হল ডায়ালিসিস ইউনিট, অপারেশন থিয়েটার এবং আইসিসিইউ। অনেক কম খরচে বহু মানুষের চিকিৎসা পাবেন এখান থেকে। ডায়ালিসিস-এর জন্য আগে বারাকপুর বা কল্যাণী যেতে হতো রোগীদের। আর তা যেতে হবে না। স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হবে। আর স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও খুব কম পয়সায় চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন রোগীরা। খুব বড় অপারেশন করা যাবে না ঠিকই, তবে ছোটখাট অপারেশনের জন্য হালিশহরবাসীকে আর দূরে যেতে হবে না। রবিবার চালু হচ্ছে নতুনভাবে সেজে ওঠা হালিশহর পুর হাসপাতাল।
প্রসঙ্গত, এতদিন হালিশহরে কোনো ভালো চিকিৎসা পরিষেবা নেওয়ার সুযোগ ছিল না। সেখানকার বাসিন্দাদের নৈহাটি বা কল্যাণীর হাসপাতালে  যেতে হতো। এবার হালিশহর পুর হাসপাতালেই এলাকাবাসী উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। সুবোধ অধিকারী বিধায়ক হওয়ার পর পিপিপি মডেলে হাসপাতালটি করার ব্যাপারে উদ্যোগী হন। একইরকমভাবে কাঁচরাপাড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা শিবানী হাসপাতালকেও বেসরকারি সহযোগিতায় ফের চালু করার ব্যাপারে কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী উদ্যোগ নিয়েছেন। এখনও সরকারি কিছু জটিলতায় তার অনুমোদন পুরসভার হাতে আসেনি। জেলা প্রশাসন থেকে সেই অনুমোদন চলে এলেই শিবানী হাসপাতালের গোটা চেহারা বদলে 
যাবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ