নয়াদিল্লি, ৪ নভেম্বর: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই চ্যালেঞ্জকে ঘিরে এইবার রাহুলের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিজেপি ও এনডিএর শরিক দলগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং জেডিউ-এর নেতারাও সংসদে বিতর্কে অংশ নেওয়ার জন্য কংগ্রেস নেতাকে কটাক্ষ করেছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে নির্মলা সীতারামন জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বিতর্কের জন্য মঞ্চ বেছে নিতে বলছেন রাহুল। অথচ সেই মঞ্চ ইতিমধ্যেই রয়েছে সংসদ। তাঁর প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের চ্যালেঞ্জ জানানোর মতো উৎসাহ সংসদের ভিতরে বিতর্কে অংশ নেওয়ার ক্ষেত্রেও দেখাচ্ছেন না কেন রাহুল? গণতন্ত্র ও সংবিধানের কথা বললে সংসদীয় প্রতিষ্ঠানের মর্যাদাও রক্ষা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
একই সুর শোনা গিয়েছে জেডিউর-এর জাতীয় মুখপাত্র গলাতেও। তিনি জানিয়েছেন সংসদীয় গণতন্ত্রের উপর সামান্যতম আস্থা থাকলেও অমিত শাহের চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত রাহুলের।
উল্লেখ্য বিহারে এসআইআর ইভিএম নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছিলেন অমিত শাহ। তাঁর দাবি, সংসদে এসে নিজের বক্তব্য তুলে ধরুন রাহুল। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন রাহুল। তাঁর দাবি, যে কোনো মঞ্চে, যে কোনো জায়গায় বিতর্ক হোক। বিচারক হিসেবে মোহন ভাগবতকেও বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ফলে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।
অপরদিকে, কংগ্রেসের পাল্টা দাবি, প্রস্তাব নিয়ে শাহ সত্যিই আন্তরিক হলে প্রথমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং এসআইআর প্রক্রিয়া স্থগিত করতে হবে।



