রেললাইনে বিস্ফোরণ! ক্ষতিগ্রস্ত ট্র্যাক, বাতিল ট্রেন চলাচল
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৮:৪৯
Prefer us on Google

জয়পুর, ৩ নভেম্বর: ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিস্ফোরণে অনুপগড়-সুরতগড় রেলপথের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

জানা গিয়েছে, ৫০ জিবি গ্রামের কাছে রেললাইনে এই বিস্ফোরণ ঘটে। তার জেরে রেললাইনের নীচে থাকা দুটি কংক্রিটের স্তম্ভ এবং কয়েকটি রেল স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের নীচে প্রায় দু'ফুট গভীর গর্ত তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে। বিস্ফোরণের শব্দ প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত শোনা গিয়েছে। 
উল্লেখযোগ্যভাবে, বিস্ফোরণের প্রায় ৪৫ মিনিট আগে রাত ৯টা নাগাদ ওই লাইন দিয়েই অনুপগড় থেকে সুরতগড়গামী একটি ট্রেন চলাচল করেছিল। ফলে কোনো যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে নাশকতার চেষ্টা হয়েছিল কী না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে পৌঁছেছে এটিএস, সিআইডি, ডগ স্কোয়াড, রেল পুলিশ সহ একাধিক নিরাপত্তা সংস্থার দল। ফরেনসিক বিশেষজ্ঞ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডও তদন্তে যোগ দিয়েছে। 
শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। সম্প্রতি সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া ৭.৫ কেজি আরডিএক্স-এর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র এখনও মেলেনি। ঘটনাটি খতিয়ে দেখথে তদন্তকারী দল।