কালীপুজোর আগেও নৈহাটিতে পড়ে জঞ্জাল
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কালীপুজোকে ঘিরে নৈহাটি জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ। চলছে মণ্ডপ তৈরির কাজ। অনেক জায়গায় মণ্ডপের ভিতরে তৈরি হচ্ছে মাতৃপ্রতিমা। যেমন অরবিন্দ রোডের উপরে বড়মা সহ বেশ কয়েকটি প্রতিমা তৈরির কাজ চলছে। বহু জায়গাতেই লাগানো হচ্ছে চন্দননগরের আলো। কিন্তু এরই মধ্যে দেখা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জঞ্জাল জমে রয়েছে।

Advertisement

বিধানসভা নির্বাচনে পালাবদলের পর নৈহাটি পুরসভায় ক্ষমতা হাতবদল হয়ে যায়। চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় পুরসভা চত্বরেই হেনস্তার শিকার হন। বর্তমানে পুর প্রশাসক পুরসভা চালাচ্ছেন। কিন্তু সাফাইকর্মীদের বেতন বকেয়া থেকে যায়। তা মেটানোর দাবিতে সাফাইকর্মীরা আন্দোলনও করেছেন পুরসভার গেটে। অবশেষে তাদের বেতন মেটানো হয়েছে। তবে জঞ্জাল সমস্যার সমাধান হয় নি। বিভিন্ন জায়গায় এখনও জঞ্জাল পড়ে রয়েছে। জঞ্জাল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমিও শুনেছি কয়েক জায়গায় জঞ্জাল সাফাই হচ্ছে না। আমি বিষয়টি দেখছি। পুজোর আগে সর্বত্র শহর পরিষ্কার করা হবে। নৈহাটির সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার বিকালে তিনি বৈঠক করেন এবং সুষ্ঠুভাবে কালীপুজোর উৎসব পালন করার জন্য সকলের কাছে আহ্বান জানান।