লেলিনগড়   কাকদ্বীপ  রায়দিঘি, পুলিশি অভিযানে বাজেয়াপ্ত গাঁজা সহ মাদক দ্রব্য ও নগদ
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর ও সংবাদদাতা, কাকদ্বীপ, বারুইপুর: দীপাবলির আগে একাধিক জায়গায় পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হল প্রচুর পরিমাণ গাঁজা। সঙ্গে কোথাও মাদকজাত দ্রব্য, আবার কোথাও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

Advertisement

সোমবার রাতে নিউ বারাকপুর থানার পুলিশ প্রচুর গাঁজা ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। বিলকান্দার লেনিনগড় জি-ব্লকের সমীর পাল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কেজির বেশি গাঁজা ও দু’লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত হয়। ওই বাড়ি থেকেই সমীরের স্ত্রী সোনালি পাল ও মনোজিৎ সরকার ওরফে মনা নামে এলাকার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  এছাড়া পরপর দু’দিন অভিযান চালিয়ে মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেয়েছে সুন্দরবন পুলিশ জেলা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রায়দিঘির সেতুর নীচে একটি দোকান থেকে প্রায় সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভাস্কর নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত ভাস্কর এক সময়ে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। উল্লেখ্য, রবিবার রায়দিঘির গোলপার্ক এলাকা থেকেও প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে, সোমবার রাতে অভিযান চালিয়ে ১৬ গ্রাম মাদকজাত দ্রব্য উদ্ধার করেছে কাকদ্বীপ থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কাকদ্বীপের গণেশপুর তৃতীয় ঘেরি দক্ষিণের দোকান লাগোয়া একটি বাড়ি থেকে দুটি কালো পলিথিন উদ্ধার করে। ওই পলিথিনের ভিতরে ৯৭টি বিভিন্ন রঙের কাগজের পুরিয়া ছিল, যেগুলির গন্ধ হেরোইন বা ব্রাউন সুগারের মতো। এই ঘটনায় পুলিশ মেনকা শিট নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ৩০ অক্টোবর জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান সপ্তাহ চালু হয়েছে। এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের পাশাপাশি প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী সচেতনতা শিবিরেরও আয়োজন করা হচ্ছে।