সংবাদদাতা, কালনা: কালনার ধাত্রীগ্রামের মালতিপুরে মকর সংক্রান্তি মেলার সূচনা হল মঙ্গলবার। মেলা এবার শতবর্ষে পড়েছে। এদিন মেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ধাত্রীগ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী, অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। মেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
Advertisement
কালনা মহকুমার প্রাচীন জনপদ ধাত্রীগ্রাম। এক সময় বহু পণ্ডিতের বসবাস ছিল। অনেক টোল ও গুরুকুল ছিল। কৃষি, শিক্ষার প্রসারের পাশাপাশি তাঁত অধ্যুষিত এলাকা ছিল ধাত্রীগ্রাম। এখানের তাঁতশিল্পের সুনাম ছিল বহু দূর পর্যন্ত বিস্তৃত। একশো বছর আগে ধাত্রীগ্রাম মালতিপুর গ্রামের পাশেই ছিল ভাগীরথী নদী। সেই সময় মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা গোরুর গাড়ি, হেঁটে ধাত্রীগ্রামে আসতেন। স্নানের পর নদীর ধারে চলত পিকনিক। বসত মেলা। এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায় পুণ্যার্থীদের সহযোগিতা করতেন। আজ ভাগীরথী নদী গতিপথ বদলে ধাত্রীগ্রাম মূল ভূখণ্ড থেকে অনেকটাই সরে গেলেও রেখে গিয়েছে ছাড়ি গঙ্গা। প্রাচীন নিয়ম মেনে আজও বহু মানুষ মকর সংক্রান্তিতে মালতিপুরে পুণ্যস্নানে আসেন। বসে মেলা। এবার মেলা শতবর্ষ উদ্যাপন বর্ষ। ছ’দিন ধরে চলবে বাইরের সঙ্গীতশিল্পীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিটির সদস্য শ্যামল ঘোষ, আলি রহমান শেখরা একত্রে হয়ে মেলার জৌলুস অনেকটাই এগিয়ে নিয়ে চলেছে।
স্বপনবাবু বলেন, ধাত্রীগ্রাম কৃষি, শিক্ষার সঙ্গে তাঁতশিল্পের সুনাম যথেষ্ট। রয়েছে বেশকিছু প্রাচীন মন্দির। মকর সংক্রান্তি উপলক্ষ্যে মালতিপুর মেলা বহু পুরনো। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায় এই মেলায় অংশ নেওয়ায় মেলা সম্প্রীতির মেলায় পরিণত হয়েছে।প্রধান অশোক চৌধুরী বলেন, প্রাচীন এই মেলায় সকল সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে অংশ নেয়। বাইরের বহু মানুষ পুণ্যস্নান সহ পিকনিক করতে আসেন। সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।-নিজস্ব চিত্র