নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক সেকেন্ডের টিজার। ‘ওয়ান মিশন, টু ফাইটার্স।’মুহূর্তের মধ্যেই সোশ্যাল সাইটে তা ভাইরাল। হাল ফ্যাশনের রোদচশমায় ঝকঝকে ক্যাপ্টেন কুল। বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে বন্দুক। আর কী-ই বা চাই? দক্ষিণী অভিনেতা মাধবনের পোস্টে ইঙ্গিত, এবার সিলভার স্ক্রিনে দেখা যেতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে। সিনেমায় গুলি চালাতেও দেখা গিয়েছে মাহিকে। আকুল ভক্তকূলের প্রশ্ন, কবে রিলিজ করবে সিনেমা? নাকি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে? মোদ্দা কথা, দিনের আলো দেখার আগেই উত্তাল নেটদুনিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছ’বছর আগে অবসর নিয়েছেন ধোনি। আইপিএল খেললেও কেরিয়ারের সায়াহ্ন উপস্থিত। তবু মাহির আবেদনই আলাদা। চেন্নাই সুপার কিংসের ম্যাচে ভিড় উপচে পড়ে ক্যাপ্টেন কুলের জন্য। হলুদ জার্সির সমুদ্রে তিনিই মহানায়ক। যে কোনও বিজ্ঞাপনে ধোনি থাকা মানেই নির্মাতারা পরম নিশ্চিন্ত। সুপারহিট হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সেই প্রবল জনপ্রিয়তাই কাজে লাগাতে চাইছেন ছবির পরিচালক ও প্রযোজক। গোটা বিষয়টা নিয়েই অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। কিন্তু মাধবনের পোস্টের পর আবেগের বিস্ফোরণ বাঁধ ভাঙছে। এটাই বোধহয় ধোনি ম্যানিয়া।