Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধুলোয় টেকা দায়, কাঁকসায় সার্ভিস রোড অবরোধ-বিক্ষোভ বাসিন্দাদের

ধুলোয় টেকা দায়, কাঁকসায় সার্ভিস রোড অবরোধ-বিক্ষোভ বাসিন্দাদের
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: ধুলোর জেরে অতিষ্ঠ হয়ে রবিবার ১৯নম্বর জাতীয় সড়কের কাঁকসা আন্ডারপাস সংলগ্ন সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য প্রায় এক মাস আগে রাস্তা থেকে পিচ তুলে দেওয়া হয়েছে। এই রাস্তায় গাড়ির ব্যাপক চাপ রয়েছে। ক্রমাগত গাড়ি যাতায়াতের ফলে ধুলোয় ঢেকে যাচ্ছে এলাকা। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিস। পরে পুলিসের পক্ষ থেকে রাস্তাটি বন্ধ করা হয়। দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংস্কারের জন্য মাসখানেক আগে জাতীয় সড়কের এই সার্ভিস রোড সম্পূর্ণভাবে খোঁড়া হয়। তখনই স্থানীয় বাসিন্দারা রাস্তায় যাতে নিয়মিত জল দেওয়া হয় সেবিষয়ে আর্জি জানান। কারণ রাস্তার ধারেই রয়েছে জনবসতি। পিচ তুলে নেওয়ায় রাস্তায় ব্যাপক ধুলো উড়ছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁদের। স্থানীয় বাসিন্দা ড. অনিন্দ্য মণ্ডল বলেন, পিচ খোঁড়ার সময় নিয়মিত জল দেওয়া হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু একদমই জল দেয়নি। এরপর বিষয়টি কাঁকসা থানায় জানানো হয়। থানার পক্ষ থেকেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারপরও কোনও সুরাহা হয়নি। বাঁশকোপায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অফিসে গিয়েও বিষয়টি জানানো হলে তারা একটি ফোন নম্বর দেয়। সেখানে যোগাযোগ করা হয়। কিন্তু বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। আমরা চাইছি রাস্তার কাজ শুরু করা হোক। কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতিদিন নিয়মিত জল দিতে হবে। 
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯ নম্বর জাতীয় সড়কের এই সার্ভিস রোড দিয়ে একদিকে কাঁকসার ভিতরে যাওয়া যায়। অন্যদিকে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে গিয়ে ওঠা যায়। 
ফলে ইলামবাজার, বীরভূমগামী বড় ট্রাক, ডাম্পার এই রাস্তা ব্যবহার করেই রাজ্য সড়কে ওঠে। সারাদিন এই সার্ভিস রোডে ব্যাপক চাপ থাকে। স্থানীয় বাসিন্দা সজল সাহা বলেন, রাস্তার খুব ভালো ছিল। পিচ তুলে নেওয়ার সময় আমরা বাধা দিয়েছিলাম। রাস্তা ভালো রয়েছে তারপরও কেন সংস্কার করা হচ্ছে সেব্যাপারে প্রশ্ন করেছিলাম। আমাদের বলা হয়েছিল এখানে ইট দিয়ে নতুন রাস্তা তৈরি হবে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও পিচ তুলে দেওয়ার পর থেকে আর নতুন কাজ হয়নি। ব্যাপক ধুলোয় কুয়াশার মতো ঢেকে যাচ্ছে এলাকা। 
গৃহবধূ ঝর্ণা দাস বলেন, ধুলোর জন্য বাড়িতে থাকতে পারছি না। দরজা-জানলা বন্ধ রাখতে হচ্ছে। তাতেও সবার কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিস। বচসার পরিস্থিতিও তৈরি হয়। পুলিসের পক্ষ থেকে যান চলাচলের জন্য ওই রাস্তা বন্ধ করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সৈকত কর বলেন, রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে। নিয়মিত জল দেওয়ার ব্যবস্থা রয়েছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ